আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে চলমান ঋণ কর্মসূচি থেকে সরকার সরে আসার কোনো সিদ্ধান্ত নেয়নি বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি জানান, দেশের অর্থনৈতিক বাস্তবতা, জনগণের স্বার্থ এবং সরকারের নিজস্ব পঞ্চবার্ষিক উন্নয়ন পরিকল্পনার সঙ্গে আইএমএফের শর্তগুলোকে সমন্বয় করার কাজ চলছে। আগামী বছরের জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মধ্যে এই আলোচনা সফলভাবে শেষ হবে বলে প্রত্যাশা করছেন তিনি। বিকল্প উৎস থেকে অর্থায়নের সুযোগ থাকা সত্ত্বেও কঠোর শর্তের আইএমএফ ঋণ কর্মসূচি চালিয়ে যাওয়ার যৌক্তিকতা নিয়ে অর্থমন্ত্রীকে প্রশ্ন করেন সাংবাদিকেরা। আইএমএফের সঙ্গে বাতিল হওয়া ঋণ কর্মসূচিটি হয়েছিল আগের ‘অনির্বাচিত’ সরকারের সময়ে—এমন মন্তব্য করেন অর্থমন্ত্রী। তাই দেশের অগ্রাধিকার ও অর্থনৈতিক বাস্তবতার সঙ্গে মিল রেখে সব সহযোগী সংস্থার কর্মসূচি এগিয়ে নিতে চায় সরকার।
আজ রোববার কক্সবাজারে আয়োজিত প্রথম আন্তর্জাতিক ঋণ ব্যবস্থাপনা সম্মেলনের উদ্বোধন শেষে আয়োজিত ব্রিফিংয়ে অর্থমন্ত্রী এসব কথা বলেন। অর্থ বিভাগ ও এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) যৌথ উদ্যোগে দুই দিনব্যাপী এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী তানভীর গনি, অর্থসচিব খায়েরুজ্জামান মজুমদার এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক উপস্থিত ছিলেন। আজ সকালে প্রধান অতিথি হিসেবে এই সম্মেলনের উদ্বোধন করেন অর্থমন্ত্রী।
আইএমএফের ঋণ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিশ্বব্যাংক, এডিবি এবং জাপান আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (জাইকা) মতো আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের সঙ্গে উন্নয়ন পরিকল্পনা সমন্বয়ের পর আইএমএফের সঙ্গে আলোচনা চলছে। আগের সরকারের আমলে নেওয়া ঋণের যেসব শর্তে সম্মতি দেওয়া হয়েছিল, বর্তমান নির্বাচিত সরকারের পক্ষে সেগুলো রাতারাতি বাস্তবায়ন করা কঠিন। তিনি উল্লেখ করেন, হঠাৎ কোনো শর্ত চাপিয়ে দিলে সাধারণ মানুষের ওপর চাপ সৃষ্টি হতে পারে, যা দেশের ব্যবসা-বাণিজ্য ও সামগ্রিক অর্থনীতির জন্য ক্ষতির কারণ হতে পারে। অর্থমন্ত্রী যুক্তি দেন, উন্নয়ন সহযোগীদের কার্যক্রমের মধ্যে সমন্বয় না থাকলে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন কঠিন হয়ে পড়ে। এই দুই পক্ষের আলোচনার মাধ্যমে শর্ত ও কর্মসূচির প্রয়োজনীয় সমন্বয় করা হবে।
অর্থমন্ত্রী আরও জানান, আইএমএফের সঙ্গে যেসব বিষয়ে মতপার্থক্য রয়েছে, তা নিরসনে দুটি কার্যদল (ওয়ার্কিং গ্রুপ) গঠন করা হয়েছে। বর্তমান সরকারের লক্ষ্য হলো আইএমএফের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা নয়, বরং জাতীয় অগ্রাধিকারের সঙ্গে সামঞ্জস্য রেখে কর্মসূচি বাস্তবায়ন করা। এই সমন্বয় প্রক্রিয়া শেষ হলে দেশের অর্থনৈতিক কার্যক্রম স্বাভাবিক গতিতে ফিরে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন অর্থমন্ত্রী।