বাংলাদেশের ডিজিটাল পাবলিক অবকাঠামো শক্তিশালীকরণ এবং ‘ওয়ান সিটিজেন ওয়ান আইডি’ প্রকল্প দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে এস্তোনিয়ার প্রযুক্তিগত অভিজ্ঞতা ও সহযোগিতা নেওয়া হচ্ছে। বুধবার (১৮ নভেম্বর) ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম ও বাংলাদেশে নিযুক্ত এস্তোনিয়ার অনাবাসিক রাষ্ট্রদূত ক্রিস্টি কারেলসনের মধ্যকার বৈঠকে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
আইসিটি বিভাগের কার্যালয়ে অনুষ্ঠিত এই সৌজন্য সাক্ষাতে মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, দেশের বিশাল জনগোষ্ঠীর জন্য সমন্বিত ডিজিটাল সেবা নিশ্চিত করা একটি বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবিলায় সরকারের দৃঢ় রাজনৈতিক অঙ্গীকার রয়েছে। ‘ওয়ান সিটিজেন ওয়ান আইডি’ উদ্যোগটি দ্রুত কার্যকর করার বিষয়ে সরকার অত্যন্ত আন্তরিক। তিনি আরও জানান, এস্তোনিয়া সফরে বাংলাদেশের কর্মকর্তারা দেশটির ডিজিটাল প্রশাসন এবং নাগরিক পরিচয় ব্যবস্থাপনা সিস্টেমের বাস্তব অভিজ্ঞতা অর্জন করেছেন।
ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে এস্তোনিয়ার ই-গভর্ন্যান্স একাডেমি এবং ব্রিটিশ কাউন্সিলের সহায়তায় বর্তমানে বাংলাদেশে একটি প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে। এই প্রকল্পটি ডিজিটাল রূপান্তরের ভিত্তি মজবুত করবে বলে মন্ত্রী আশা প্রকাশ করেন। এ সময় তিনি এস্তোনিয়ার বিশেষজ্ঞ সহায়তা অব্যাহত রাখার জন্য রাষ্ট্রদূতের প্রতি বিশেষ আহ্বান জানান।
রাষ্ট্রদূত ক্রিস্টি কারেলসন বলেন, বাংলাদেশ ও এস্তোনিয়ার মধ্যকার ডিজিটাল সহযোগিতার সম্ভাবনা ব্যাপক। ডিজিটাল গভর্ন্যান্সের ক্ষেত্রে তাদের অর্জিত অভিজ্ঞতা বিনিময়ে তারা আগ্রহী। তিনি উল্লেখ করেন, এস্তোনিয়ার ডিজিটাল অবকাঠামো ও আন্তঃপরিচালনযোগ্যতা কাঠামো গড়ে তোলার পেছনে সরকারের নেতৃত্বের পাশাপাশি বেসরকারি খাতের ভূমিকা ছিল অপরিসীম। বাংলাদেশেও সরকারি-বেসরকারি অংশীদারত্ব বজায় রাখলে ভালো ফল পাওয়া সম্ভব।
বৈঠকে আইসিটি বিভাগের সচিব মো. মামুনুর রশীদ ভূঞা জানান, ওয়ান সিটিজেন ওয়ান আইডি এবং জাতীয় আন্তঃপরিচালনযোগ্যতা কাঠামো তৈরিতে চলমান প্রকল্পটি গুরুত্বপূর্ণ সহায়তা দিচ্ছে। তিনি বলেন, জাতীয় ডেটা গভর্ন্যান্স আইন, ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা আইন এবং সাইবার নিরাপত্তা আইন প্রণয়নের মাধ্যমে এই প্রকল্পের আইনি ভিত্তি নিশ্চিত করা হয়েছে।
সচিব আরও জানান, জাতীয় ডেটা গভর্ন্যান্স কর্তৃপক্ষ গঠনের প্রক্রিয়া চলমান রয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে এই কর্তৃপক্ষ গঠিত হলে সরকারি বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় এবং তথ্য ব্যবস্থাপনা প্রক্রিয়া আরও কার্যকর ও গতিশীল হবে। এই উদ্যোগের সফল বাস্তবায়নে সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে শতভাগ রাজনৈতিক অঙ্গীকার রয়েছে বলেও তিনি নিশ্চিত করেন।
ডিজিটাল রূপান্তরের পাশাপাশি বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ নিয়েও আলোচনা হয়েছে। মন্ত্রী ফকির মাহবুব আনাম জানান, তৈরি পোশাকের পাশাপাশি ওষুধ, জাহাজ নির্মাণ ও চামড়াজাত পণ্যসহ বিভিন্ন খাতে রপ্তানি বহুমুখীকরণ এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণে সরকার কাজ করছে।
রাষ্ট্রদূত ক্রিস্টি কারেলসন আশাবাদ ব্যক্ত করেন যে, বর্তমান প্রকল্পের মাধ্যমে দুই দেশের সহযোগিতা আরও সম্প্রসারিত হবে এবং এস্তোনিয়ার বিভিন্ন তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান বাংলাদেশে কাজের সুযোগ পাবে। বৈঠকে আইসিটি বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।