গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানী ও তাঁর স্বজনদের অন্তত ১৫টি বসতবাড়িতে ব্যাপক ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতে টুঙ্গিপাড়ার পাটগাতি দক্ষিণ পাড়া এলাকায় এই সহিংসতার ঘটনা ঘটে। ভুক্তভোগীদের অভিযোগ, দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেওয়ার আগে ঘরবাড়ি থেকে স্বর্ণালঙ্কার ও অন্যান্য মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়। এদিকে মঙ্গলবার সন্ধ্যায় টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের পর থেকে থানার কার্যক্রম বন্ধ রয়েছে।
বুধবার দুপুরে পাটগাতি এলাকায় সরেজমিনে গিয়ে দেখা যায়, মধুমতি নদীর তীরে অবস্থিত সংসদ সদস্য জিলানীর আড়াইতলা পাকা বাড়িটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং সেখান থেকে তখনো ধোঁয়া বের হচ্ছিল। বাড়ির কোনো আসবাব বা জিনিসপত্র অক্ষত রাখা হয়নি। পাশেই থাকা তাঁর পৈতৃক টিনের ঘরসহ চাচাতো ভাই এস এম মাহমুদের বাড়ি এবং আরও ১৪ জন আত্মীয়-স্বজনের বেশিরভাগ টিনের তৈরি বাড়িঘর আগুনে পুড়িয়ে ছাই করে দেওয়া হয়েছে।
সংসদ সদস্যের মেজো ভাই এস এম হায়দার জানান, মঙ্গলবার রাত ৯টার দিকে শত শত লোক লাঠিসোটা ও বিভিন্ন অস্ত্রশস্ত্র নিয়ে তাঁদের বাড়ির দিকে তেড়ে এলে ভেতরে থাকা তাঁর তিন বোন ও তাঁদের সন্তানরা প্রাণভয়ে পালিয়ে যান। অন্যদিকে, জিলানীর বড় বোন সেতারা কবির অভিযোগ করেন, দুর্বৃত্তরা আগুন দেওয়ার পূর্বে ঘর থেকে দুটি ফ্রিজ, তিনটি ওভেন এবং প্রায় ২০ থেকে ২৫ ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে গেছে।
টুঙ্গিপাড়া ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা এসকান্দার শেখ জানান, স্টেশনের মূল ফটকের সামনে একদল লোক বিক্ষোভ প্রদর্শন করায় খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই তাঁরা দুর্ঘটনাস্থলে যেতে পারেননি। পরবর্তীতে রাত ৯টা ৫৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে দুটি ইউনিটের চেষ্টার পর রাত ২টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এই অগ্নিকাণ্ডে আনুমানিক পাঁচ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে তিনি জানান। তবে বিক্ষোভকারীদের তীব্র বাধার মুখে তাঁরা টুঙ্গিপাড়া থানায় অগ্নিকাণ্ডের খবর পেলেও সেখানে যেতে পারেননি। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট রাত ২টা ১০ মিনিটের দিকে আগুন নেভাতে সক্ষম হয়।
স্থানীয় ও পুলিশসূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে টুঙ্গিপাড়ায় ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মীকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। এর প্রতিবাদে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা থানা ঘেরাও করে ভাঙচুর চালান এবং একপর্যায়ে আটক কর্মীদের ছিনিয়ে নেন। পরে তাঁরা পুরো থানায় আগুন ধরিয়ে দিলে দুই তলা ভবনসহ ভেতরের যাবতীয় সরঞ্জাম এবং প্রাঙ্গণে থাকা পুলিশের নয়টি সরকারি গাড়ি পুড়ে যায়। পুলিশ সদস্যরা অভিযোগ করেন, এই সুযোগে থানা থেকে সরকারি অস্ত্র ও কম্পিউটারসহ নানা জিনিস লুট করা হয়েছে। হামলার সময়ই কর্তব্যরত পুলিশ সদস্যরা থানা ছেড়ে চলে যান।
বুধবার দুপুরে টুঙ্গিপাড়া থানায় গিয়ে কোনো পুলিশ সদস্যকে দায়িত্বে পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সবাই সাদা পোশাকে পাশের অফিসার্স মেস থেকে সরকারি আগ্নেয়াস্ত্র ও হেলমেটসহ নিজেদের জিনিসপত্র ভ্যানে তুলে স্থান ত্যাগ করছিলেন। একাধিক পুলিশ সদস্য জানান, উর্ধ্বোতন কর্তৃপক্ষের নির্দেশে তাঁরা নিরাপদ স্থানে সরে যাচ্ছেন, তবে সুনির্দিষ্ট গন্তব্য সম্পর্কে তাঁদের কিছু জানানো হয়নি। এই ঘটনার পর গোপালগঞ্জ শহর থেকে টুঙ্গিপাড়া পর্যন্ত পুরো অঞ্চলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো ধরনের উপস্থিতি দেখা যায়নি।