ভারতের পাঞ্জাবের অমৃতসরে অবস্থিত একটি মন্দিরে দুই নারীকে জিম্মি করে রাখার ঘটনা ঘটেছে।
তফশিলি সম্প্রদায়ের ওই দুই নারীর ওপর লাগাতার নির্যাতনের অভিযোগ ওঠার পর পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করেছে।
এই ঘটনায় মন্দিরের প্রধান পুরোহিতসহ মোট দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার দুজনকে জিজ্ঞাসাবাদ করে পলাতক অভিযুক্তদের সন্ধানের চেষ্টা চলছে।
ভুক্তভোগী নারীরা তাদের ওপর হওয়া নির্যাতনের কথা জানিয়ে পাঞ্জাবের তফশিলি কমিশনের সদস্য তারসেম সিংয়ের কাছে চিঠি লিখেছিলেন। ওই অভিযোগের ভিত্তিতে অমৃতসরের লোপোকে থানার পুলিশ রামতীর্থ কমপ্লেক্সের গুরু জ্ঞান নাথ আশ্রম বাল্মীকি তীর্থে অভিযান পরিচালনা করে।
অভিযানে উদ্ধারকৃত নারীদের জবানবন্দির ভিত্তিতে মন্দিরের প্রধান পুরোহিত মহন্ত গিরিধারি নাথ এবং তার সহযোগী বারিন্দর নাথকে গ্রেপ্তার করা হয়।
স্থানীয় ডিএসপি প্রতাপ সিং জানিয়েছেন, তফশিলি কমিশনের সদস্য তারসেম সিং সায়ালকার দেয়া তথ্যের ভিত্তিতে এই জরুরি অভিযান চালানো হয়েছে।
তবে মামলার অন্য দুই অভিযুক্ত নাছট্টর সিং ও সুরজ নাথ পালিয়ে যেতে সক্ষম হয়েছেন, তাদের গ্রেপ্তারে চেষ্টা অব্যাহত রয়েছে।