রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংক পিএলসি গত এক বছরে প্রায় ১০ লাখ নতুন গ্রাহক পেয়েছে। ব্যাংকের ১৯তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এই সাফল্যের তথ্য জানানো হয়েছে। সভায় জানানো হয়, ২০২৫ সালের ডিসেম্বর শেষে জনতা ব্যাংকের মোট আমানতের পরিমাণ দাঁড়িয়েছে ১ লাখ ২৫ হাজার ৫৫০ কোটি টাকা এবং ঋণ ও অগ্রিম বেড়ে ১ লাখ ৫ হাজার ১১৯ কোটি টাকায় উন্নীত হয়েছে। ব্যাংকটি বর্তমানে কৃষি, সিএমএসএমই এবং সরকারের অগ্রাধিকারপ্রাপ্ত স্বল্পমেয়াদি ও কম ঝুঁকিপূর্ণ খাতে ঋণ বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছে।
জনতা ব্যাংকের চেয়ারম্যান মুহ. ফজলুর রহমানের সভাপতিত্বে গত মঙ্গলবার ঢাকার মতিঝিলে প্রতিষ্ঠানের প্রধান কার্যালয়ে ১৯তম এজিএম অনুষ্ঠিত হয়। সভায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. মজিবর রহমান, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব আবু সালেহ মো. মহিউদ্দিন খাঁসহ পরিচালনা পর্ষদের সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় ব্যাংকের বিভিন্ন ব্যবসায়িক সূচকের উল্লেখযোগ্য উন্নতির চিত্র তুলে ধরা হয়।
সভায় ব্যবস্থাপনা পরিচালক মো. মজিবর রহমান ব্যাংকের সামগ্রিক ব্যবসায়িক কার্যক্রমের বিস্তারিত বিবরণ উপস্থাপন করেন। তিনি জানান, ব্যাংকের আর্থিক সক্ষমতা বৃদ্ধি এবং লোকসানি শাখা কমিয়ে আনার মাধ্যমে জনতা ব্যাংক টেকসই উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। সরকারি কোষাগারে বিপুল পরিমাণ অর্থ জমা দেওয়ার বিষয়টি ব্যাংকের শক্তিশালী আর্থিক অবস্থানেরই প্রতিফলন।