ড. মুহাম্মদ ইউনূস প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান গ্রামীণ কল্যাণের কাছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) পাওনা ৬৬৬ কোটি টাকার বেশি বকেয়া কর দ্রুত আদায়ের নির্দেশের ওপর স্থগিতাদেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। রোববার (১৮ অক্টোবর) আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হক এই আদেশ প্রদান করেন।
এর আগে গত ১২ অক্টোবর হাইকোর্ট এক রায়ে গ্রামীণ কল্যাণের কাছে পাঁচ করবর্ষের ৬৬৬ কোটি টাকার বেশি কর দ্রুত আদায়ের লক্ষ্যে সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছিলেন। করদাবির বৈধতা চ্যালেঞ্জ করে প্রতিষ্ঠানটির দায়ের করা পৃথক দুটি রিট পিটিশন খারিজের পূর্ণাঙ্গ রায়ে এই নির্দেশনা এসেছিল। গত ১০ সেপ্টেম্বর বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি রেজাউল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রিট দুটি খারিজ করে রায় দিয়েছিলেন, যা পরবর্তীতে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত হয়।
হাইকোর্টের সেই রায়ের বিরুদ্ধে গ্রামীণ কল্যাণ আপিল বিভাগে আবেদন জানায়। আবেদনের শুনানিতে প্রতিষ্ঠানটির কর পরিশোধের নির্দেশসংক্রান্ত অংশের ওপর স্থগিতাদেশ দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন গ্রামীণ কল্যাণের আইনজীবী আব্দুল্লাহ আল মামুন। এর মাধ্যমে দীর্ঘদিনের আলোচিত এই বকেয়া কর আদায়ের প্রক্রিয়াটি আপাতত স্থগিত হলো।