সোমবার (১৯ অক্টোবর) সকালে রাজধানীর আহছানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ‘নলেজ ইন্টিগ্রেশন অ্যান্ড এডুকেশনাল লিডারশিপ ২০২৬’ শীর্ষক শিক্ষা সম্মেলনে ভার্চুয়ালি যোগ দেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, আধুনিক বিশ্বের সঙ্গে পাল্লা দিয়ে চলতে প্রযুক্তিগত দক্ষতা ও উদ্ভাবনী ক্ষমতার কোনো বিকল্প নেই। তবে কেবল প্রযুক্তিনির্ভর শিক্ষা যথেষ্ট নয়; আগামী প্রজন্মকে মানবিক গুণাবলি ও নৈতিক মূল্যবোধের ভিত্তিতে গড়ে তোলা অত্যন্ত জরুরি।
মন্ত্রী আরও বলেন, আন্তর্জাতিক অংশীদারত্ব এবং সহযোগিতার মাধ্যমে জ্ঞান ও অভিজ্ঞতার বিনিময়ের নতুন পথ উন্মোচিত হয়। দেশের শিক্ষাব্যবস্থাকে বিশ্বমানের করে গড়ে তুলতে এ ধরনের আন্তর্জাতিক সহযোগিতার গুরুত্ব অপরিসীম। তবে এই প্রক্রিয়ায় আমাদের নিজস্ব সংস্কৃতি ও মূল্যবোধের সুরক্ষা নিশ্চিত করতে হবে, যাতে জাতিগত স্বকীয়তা বজায় থাকে।
এ ধরনের আন্তর্জাতিক সম্মেলন পারস্পরিক সহযোগিতা ও জ্ঞান বিনিময়ের ক্ষেত্র হিসেবে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন মন্ত্রী। সম্মেলন থেকে প্রাপ্ত সুপারিশ ও অভিজ্ঞতা দেশের শিক্ষাব্যবস্থায় কার্যকর সংস্কার আনার ক্ষেত্রে সহায়ক হবে বলেও তিনি উল্লেখ করেন। সবশেষে তিনি প্রযুক্তিগত জ্ঞান ও নৈতিক চেতনার সমন্বয়ে একটি সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।