চলতি অক্টোবর মাস থেকেই সরকারি কর্মকর্তা-কর্মচারীরা তাদের নতুন বেতনকাঠামো অনুযায়ী বর্ধিত হারে মূল বেতন পেতে শুরু করবেন। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ সোমবার (১৯ অক্টোবর) এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে। সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের পাশাপাশি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মচারীদের জন্যও এই প্রজ্ঞাপন কার্যকর হবে। বর্তমানে সরকারি কর্মীরা অনলাইন পোর্টাল আইবাস প্লাস প্লাসের ‘পে ফিক্সেশন’ অপশনে গিয়ে প্রয়োজনীয় তথ্য পূরণের কাজ করছেন, যা মঙ্গলবার শেষ হওয়ার কথা রয়েছে। অবশ্য নতুন বেতনকাঠামো অনুযায়ী ভাতা যে পরে দেওয়া হবে, সে ঘোষণা আগেই দিয়েছে সরকার। এ জন্য ৫ অক্টোবর থেকে সরকারের আইবাস প্লাস প্লাসের ‘পে ফিক্সেশন’ অপশনে গিয়ে প্রয়োজনীয় তথ্য পূরণ করছেন সরকারি কর্মচারীরা।
নতুন বেতনকাঠামো অনুযায়ী সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
গত ১৯ সেপ্টেম্বর এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছিল। সরকার সিদ্ধান্ত নিয়েছে যে, এই বর্ধিত বেতন ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। ২০২৬-২৭ এবং ২০২৭-২৮ অর্থবছরের বিভিন্ন পর্যায়ে এই বেতন ও ভাতাদি কার্যকর হবে। এর মধ্যে গত ১ জুলাই থেকে আগামী ৩১ ডিসেম্বর প্রথম ধাপ, ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত দ্বিতীয় ধাপ এবং ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত তৃতীয় ধাপে মূল বেতনের সমন্বয় করা হবে। তবে ভাতা সংক্রান্ত বিষয়গুলো ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হবে।
প্রজ্ঞাপনে স্পষ্ট করা হয়েছে যে, পরবর্তী আদেশ না আসা পর্যন্ত সরকারি চাকরিজীবীরা আপাতত আগের হারেই তাদের ভাতা পাবেন। অর্থাৎ, চলতি বছরের ৩০ জুন তারা যে হারে ভাতা পেতেন, সেই হারই এখন বলবৎ থাকবে। সরকার নতুন বেতন আদেশে নির্ধারিত মূল বেতন কার্যকর না হওয়া পর্যন্ত প্রচলিত মূল বেতনের শতাংশ হারে ভাতা দেওয়ার এই বিধান রেখেছে। সরকারি কর্মচারীদের বর্ধিত বেতন পরিশোধের জন্য বাজেটে প্রয়োজনীয় অর্থের সংস্থানও আগে থেকেই রাখা হয়েছে বলে অর্থ বিভাগ সূত্রে জানা গেছে।