জাতীয় সংসদের চিফ হুইপ ও বরগুনা-২ আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বলেছেন, বাংলাদেশে কোনো সংখ্যালঘু নেই। তিনি উল্লেখ করেন, ধর্ম যার যার, কিন্তু রাষ্ট্র সবার। সরকার সব সময় সাধারণ মানুষের পাশে রয়েছে। শনিবার (১৭ অক্টোবর) বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ের সুবর্ণজয়ন্তী মিলনায়তনে জেলা আইনশৃঙ্খলা পরিস্থিতি ও উন্নয়ন কার্যক্রম নিয়ে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তাছলিমা আক্তার।
মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির কথা পুনর্ব্যক্ত করে চিফ হুইপ বলেন, মাদক নির্মূলে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তিনি বরগুনায় তিনটি সেতু এবং একটি আবহাওয়া অফিস নির্মাণের প্রতিশ্রুতি দেন এবং জেলার চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতির খোঁজখবর নেন। এছাড়া মৎস্যসম্পদ সুরক্ষায় নিষেধাজ্ঞার সময়ে কোনো ট্রলিং ট্রলারের চলাচল বরদাস্ত করা হবে না বলেও তিনি হুঁশিয়ারি দেন। মাদক নির্মূলে সবাইকে এগিয়ে আসতে হবে।
আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন নূরুল ইসলাম। এছাড়া শারদীয় দুর্গাপূজাকে ঘিরে পূজামণ্ডপগুলোর নিরাপত্তায় বিশেষ নজর দেওয়া হয়েছে বলে তিনি জানান। তিনি উল্লেখ করেন, সব পূজামণ্ডপে শতভাগ সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে।
সভায় বিশেষ অতিথি হিসেবে বরগুনা-১ আসনের সংসদ সদস্য মো. অলিউল্লাহ, জেলা পরিষদ প্রশাসক মো. নজরুল ইসলাম মোল্লা, পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা এবং অতিরিক্ত জেলা প্রশাসক অনিমেষ বিশ্বাস উপস্থিত ছিলেন। এছাড়া জেলার বিভিন্ন সরকারি দপ্তরের গুরুত্বপূর্ণ কর্মকর্তারা সভায় অংশ নিয়ে প্রয়োজনীয় আলোচনা করেন।