রাজধানীর গেণ্ডারিয়া এলাকায় মাদকবিরোধী অভিযানের সময় হাতে পিস্তল নিয়ে প্রতিমন্ত্রীর ভিডিও ভাইরাল হওয়ার ঘটনাটি খতিয়ে দেখছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম জানান, ঘটনাটিতে কোনো আইন লঙ্ঘন হয়েছে কি না, তা বিশদভাবে পর্যালোচনা করা হচ্ছে। সংশ্লিষ্ট ডিসির দেওয়া প্রতিবেদনের ওপর ভিত্তি করে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন। রোববার (১৮ অক্টোবর) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম।
সংবাদ সম্মেলনে একজন মন্ত্রী সরাসরি এভাবে অভিযানে অংশ নিতে পারেন কি না, এমন প্রশ্নের জবাবে ডিবি প্রধান কোনো মন্তব্য করতে রাজি হননি। তিনি জানান, পুরো বিষয়টি মূল্যায়নের অপেক্ষায় রয়েছে এবং এখনই কোনো চূড়ান্ত মন্তব্য করার সময় আসেনি। তবে আইনগত ব্যত্যয় প্রমাণিত হলে ডিএমপি সে অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করবে।
এর আগে শনিবার বিকেলে নিজের ফেসবুক পেজে একটি ভিডিও প্রকাশ করেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। ভিডিওতে দেখা যায়, তিনি গাড়ি থেকে নেমে হাতে হ্যান্ড মাইক ও পিস্তল নিয়ে কিছু মানুষকে ধাওয়া করছেন। এক পর্যায়ে তাকে পিস্তলের স্লাইড টেনে গুলি করার প্রস্তুতি নিয়ে লোকজনের দিকে অস্ত্র তাক করতে এবং চিৎকার করতে দেখা যায়। ওই সময় তার সাথে সাদা পোশাকে আরেক ব্যক্তিকেও অস্ত্র হাতে লোকজনকে ধাওয়া করতে দেখা যায়।
এদিকে, ঘটনার দিন সন্ধ্যায় ইশরাক হোসেন নিজের ফেসবুক পেজে নতুন একটি পোস্ট দিয়ে ঘোষণা দেন যে, ঢাকা-৬ আসনকে পুরোপুরি মাদকমুক্ত না করা পর্যন্ত তার এই অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে।