বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) উড়োজাহাজে ব্যবহৃত জেট ফুয়েলের নতুন মূল্যহার ঘোষণা করেছে। বুধবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে জ্বালানি তেলের এই বাড়তি দামের বিষয়টি নিশ্চিত করা হয়। নতুন ঘোষণা অনুযায়ী, এখন থেকে অভ্যন্তরীণ রুটের ফ্লাইটে প্রতি লিটার জেট ফুয়েলের জন্য গুনতে হবে ১৮২ টাকা ৭১ পয়সা। এছাড়া আন্তর্জাতিক রুটের ফ্লাইটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম নির্ধারণ করা হয়েছে ১ দশমিক ১৮৮২ ডলার। এই নতুন মূল্যহার বুধবার মধ্যরাত থেকেই কার্যকর হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত তা বহাল থাকবে।
এর আগে সেপ্টেম্বর মাসজুড়ে অভ্যন্তরীণ রুটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ছিল ১৬৫ টাকা ৬৫ পয়সা এবং আন্তর্জাতিক রুটে তা ছিল ১ দশমিক ০৭৭০ ডলার। সেই হিসাবে, সদ্য ঘোষিত এই মূল্যে অভ্যন্তরীণ ফ্লাইটের ক্ষেত্রে প্রতি লিটারে ১৭ টাকা ৬ পয়সা বেড়েছে। অন্যদিকে, আন্তর্জাতিক রুটের ফ্লাইটের ক্ষেত্রে দাম বৃদ্ধি পেয়েছে শূন্য দশমিক ১১ সেন্ট।
বিজ্ঞপ্তিতে বিইআরসি জানিয়েছে, ৫ই সেপ্টেম্বর থেকে ৪ঠা অক্টোবর পর্যন্ত সময়ে জেট এ-১ এর আন্তর্জাতিক বাজারমূল্য বা প্ল্যাটস রেটের গড় এবং বিপিসির এলসি সেটেলমেন্টের ডলার বিনিময় হার যাচাই করা হয়েছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন, ২০০৩-এর ২২(খ) ও ৩৪ ধারায় অর্পিত ক্ষমতাবলে জনস্বার্থে এই মূল্য সমন্বয় করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।