স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বৃদ্ধির কারণে দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে মূল্যবান এই ধাতুর দর। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বাড়িয়ে স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করেছে। বুধবার (৪ নভেম্বর) দুপুর ১টা ৪৫ মিনিট থেকেই নতুন এই দাম সারা দেশে কার্যকর করা হয়েছে। এর আগে গত সোমবার (২ নভেম্বর) সর্বশেষ স্বর্ণের দাম সমন্বয় করেছিল সংগঠনটি।
নতুন দর অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণ কেনাবেচা হবে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৪ হাজার ৯২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৩ হাজার ৮৮২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫০ হাজার ২৩২ টাকা।
বাজুসের বিজ্ঞপ্তিতে জানানো হয়, অলঙ্কারের বৈচিত্র্যময় ডিজাইন অনুযায়ী নির্দিষ্ট মজুরি প্রযোজ্য হবে। একই সঙ্গে স্বর্ণ ও রৌপ্যালঙ্কারের নির্ধারিত বিক্রয়মূল্যের ভেতরেই ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় ক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত বা আলাদাভাবে কোনো ভ্যাট আদায় করা যাবে না।
চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে মোট ১৩২ বার স্বর্ণের দাম সমন্বয় করেছে বাজুস। এর মধ্যে ৬৪ বার মূল্য বাড়ানো হয়েছে, কমানো হয়েছে ৬৭ বার এবং ১ বার ভ্যাট সমন্বয় করা হয়েছে। অন্যদিকে, আগের বছর অর্থাৎ ২০২৫ সালে বাজারে মোট ৯৩ বার স্বর্ণের দাম পরিবর্তন করা হয়েছিল, যার মধ্যে ৬৪ বার দাম বাড়ে এবং ২৯ বার কমেছিল।