মৎস্য ও প্রাণিসম্পদ, খাদ্য ও কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ জানিয়েছেন, বর্তমানে দেশে সারের কোনো ঘাটতি নেই। শনিবার দুপুরে ফেনীর ফুলগাজী সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠ পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, সারের মজুত ডিলারদের কাছে থাকার কথা থাকলেও তা অসাধু ব্যক্তিদের হাতে চলে যাচ্ছে। এই দুষ্ট চক্রের অপতৎপরতার কারণেই কৃষক, সমাজ ও জাতি ক্ষতিগ্রস্ত হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে মন্ত্রণালয়ের পক্ষ থেকে নজরদারি বাড়াতে বেশ কয়েকটি টিম গঠন করা হয়েছে এবং খুব দ্রুত এই চক্রের দৌরাত্ম্য বন্ধ হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
আগামী বৃহস্পতিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের ফুলগাজী সফরের কথা রয়েছে। এই সফরকে কেন্দ্র করে সার্বিক প্রস্তুতি ও মাঠের পরিস্থিতি পর্যবেক্ষণের অংশ হিসেবেই মন্ত্রী সেখানে উপস্থিত হয়েছিলেন।
কৃষিমন্ত্রী জানান, সরকারের লক্ষ্য হলো সারা দেশের ২ কোটি কৃষককে কৃষি কার্ডের আওতায় নিয়ে আসা। পর্যায়ক্রমে প্রান্তিক, ক্ষুদ্র, ভূমিহীন, মাঝারি ও বড়—সব ধরনের কৃষকই এই কার্ডের সুবিধা পাবেন। এছাড়া কৃষকদের সহায়তায় সরকার ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করেছে। কৃষকের অর্থনৈতিক সক্ষমতা বাড়লে দেশের সামগ্রিক অর্থনীতি শক্তিশালী হবে বলেও তিনি মন্তব্য করেন।
পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবউল করিম, পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ কাউছার হামিদ এবং সহকারী কমিশনার (ভূমি) সোহেলী নোশীন প্রত্যাশা।