মার্কিন নৌবাহিনীর প্রশান্ত মহাসাগরীয় বিমানবাহী রণতরী ‘ইউএসএস জর্জ ওয়াশিংটন’ বর্তমানে মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) তথ্য অনুযায়ী, দীর্ঘ সময় ধরে সাগরে মোতায়েন থাকা ইউএসএস আব্রাহাম লিংকনের নাবিকদের মানসিক স্বাস্থ্য এবং রসদ সরবরাহ নিয়ে মার্কিন সামরিক কর্তৃপক্ষের মধ্যে উদ্বেগ দেখা দেওয়ায় এই কৌশলগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইরানের সাথে উত্তেজনার প্রেক্ষাপটে রণতরীগুলোকে দীর্ঘ মেয়াদে মোতায়েন রাখার ফলে নৌ-সেনাদের ওপর মানসিক চাপ এবং সরঞ্জামের ওপর অতিরিক্ত প্রভাব পড়ছে, যা এখন বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
মার্কিন নৌবাহিনীর আনুষ্ঠানিক বিবৃতি অনুযায়ী, গত সপ্তাহে ভিয়েতনামের দা নাং বন্দর ত্যাগ করে ইউএসএস জর্জ ওয়াশিংটন। রণতরীটি বর্তমানে একটি ক্রুজার ও একটি ডেস্ট্রয়ারের সাথে মালাক্কা প্রণালিতে অবস্থান করছে, যা প্রশান্ত ও ভারত মহাসাগরকে সংযুক্তকারী একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জলপথ। এর আগে রণতরীটিকে সিঙ্গাপুর প্রণালি অতিক্রম করতেও দেখা গেছে।
এদিকে, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে এই রণতরীটিকে সরিয়ে নেওয়ার ফলে ওই বিশাল জলসীমায় যুক্তরাষ্ট্রের কোনো বিমানবাহী রণতরীর উপস্থিতি থাকছে না। এপি জানিয়েছে, এই শূন্যতা কতদিন স্থায়ী হবে তা এখনো অজানা। মূলত নাবিকদের সুরক্ষা ও রণতরীর সক্ষমতা বজায় রাখতেই এই রদবদল করা হয়েছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।