যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ উপেক্ষা করে ইরানের অন্তত ১১টি জাহাজ চলাচল করেছে বলে দাবি করেছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম ‘প্রেস টিভি’।
গত রোববার (১৪ জুন) তেহরান ও ওয়াশিংটনের মধ্যে সমঝোতা স্মারকের (এমওইউ) খসড়া চূড়ান্ত হওয়ার পর এই ঘটনা ঘটে। খবর আলজাজিরার। একটি নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে প্রেস টিভির প্রতিবেদনে বলা হয়েছে, ১১টি জাহাজের মধ্যে আটটি জাহাজ ইরানের জলসীমা থেকে আন্তর্জাতিক জলসীমায় যাত্রা করেছে।
অন্যদিকে, তিনটি জাহাজ আন্তর্জাতিক জলসীমা থেকে ইরানের জলসীমায় প্রবেশ করেছে।খসড়া সমঝোতা স্মারক অনুযায়ী, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানের ওপর আরোপিত নৌ-অবরোধ তুলে নেওয়ার কথা বলা হয়েছে। এর বিপরীতে ইরান অন্তত ৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে বিনা টোলে বাণিজ্যিক জাহাজ চলাচলের অনুমতি দিতে সম্মত হয়েছে।
চুক্তি চূড়ান্ত হওয়ার এই আবহেই মার্কিন ব্লকেড বা অবরোধ ভেদ করে ইরানি জাহাজগুলোর চলাচলের খবরটি আন্তর্জাতিক মহলে বেশ চাঞ্চল্য তৈরি করেছে।