গ্রাহকদের জন্য মোবাইল ডিভাইস কেনা আরও সহজ ও সাশ্রয়ী করতে মিডল্যান্ড ব্যাংক পিএলসি (এমডিবি) এবং সহজমোবাইল বিডি লিমিটেডের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির আওতায়, গ্রাহকেরা সহজমোবাইলের নির্ধারিত মার্চেন্ট পয়েন্ট থেকে পছন্দের মোবাইল ডিভাইস কেনার ক্ষেত্রে মিডল্যান্ড ব্যাংকের ডিজিটাল ই-লোন সুবিধা গ্রহণ করতে পারবেন। মিডল্যান্ড ব্যাংকের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করেন মিডল্যান্ড ব্যাংকের জনসংযোগ বিভাগের প্রধান ও রিটেইল ডিস্ট্রিবিউশন ডিভিশনের সমন্বয়ক মোহাম্মদ রাশাদুল আনোয়ার এবং সহজমোবাইল বিডির পরিচালক আবু আল মোতালিব। অনুষ্ঠানে মিডল্যান্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ইমতিয়াজ উদ্দিন আহমেদ, প্রজেক্ট, প্রসেস, প্রোডাক্ট ডেভেলপমেন্ট ও রিটেইল ডিস্ট্রিবিউশন ডিভিশনের ম্যানেজার খন্দকার ইমরান হোসেন উপস্থিত ছিলেন। এছাড়া সহজমোবাইল বিডির পক্ষ থেকে সিনিয়র ম্যানেজার রাজীব কুন্ডু ও হেড অব অ্যাকাউন্টস মো. রকিবুল হাসানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
উভয় প্রতিষ্ঠানের এই অংশীদারত্বের ফলে ডিজিটাল অর্থায়ন প্রক্রিয়া গ্রাহকদের জন্য আরও সহজলভ্য হবে বলে আশা করা হচ্ছে। মিডল্যান্ড ব্যাংকের ডিজিটাল ঋণসেবা এবং সহজমোবাইলের বিস্তৃত মার্চেন্ট নেটওয়ার্কের সমন্বয়ে গ্রাহকদের মোবাইল ডিভাইস কেনার অভিজ্ঞতা উন্নত হবে এবং ডিজিটাল আর্থিক সেবার ব্যবহার আরও প্রসারিত হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।