রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে সড়ক অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ও সহিংসতার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টা থেকে দুপুর পর্যন্ত বাঘাইহাট উজোবাজার এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ইউপিডিএফের সশস্ত্র সদস্যদের পাল্টাপাল্টি গোলাগুলি হয়। এর পাশাপাশি সাজেকের দুর্গম পাহাড়ি অঞ্চলগুলোতে একাধিক সশস্ত্র গোষ্ঠীর মধ্যেও দফায় দফায় বন্দুকযুদ্ধের খবর পাওয়া গেছে। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ ও ধাওয়া-পালটা ধাওয়ার ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, এলাকার নিরাপত্তা নিশ্চিতকরণ এবং চিহ্নিত সশস্ত্র ব্যক্তিদের অপসারণসহ ৩ দফা দাবিতে অনির্দিষ্টকালের সড়ক অবরোধের ডাক দেয় ‘সাজেক গণঅধিকার রক্ষা কমিটি’ ও ‘সাজেক কারবারি অ্যাসোসিয়েশন’। গত ১১ ও ১৫ অক্টোবর একই দাবিতে কর্মসূচি পালিত হলেও প্রশাসনের আশ্বাস ও দুর্গাপূজার কারণে তা স্থগিত করা হয়েছিল। তবে প্রতিশ্রুতি পূরণ না হওয়ার অভিযোগে বৃহস্পতিবার সকাল থেকে সড়কজুড়ে টায়ার জ্বালিয়ে ও গাছ ফেলে পিকেটিং শুরু করেন আন্দোলনকারীরা।
অবরোধের কারণে সাজেক ভ্যালিতে প্রায় ৩ হাজার পর্যটক আটকা পড়েন। সকাল সাড়ে ৮টার দিকে সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে গঠিত যৌথবাহিনীর কড়া নিরাপত্তায় ২ হাজার ৯ ৩৩ জন পর্যটকের গাড়িবহর খাগড়াছড়ির উদ্দেশে রওনা দেয়। কিন্তু বহরটি বাঘাইহাটের উজোবাজার এলাকায় পৌঁছালে অবরোধকারীরা তাদের পথরোধ করে সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং নিরাপত্তার দায়িত্বে থাকা সদস্যদের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে। এতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়ে অবরোধকারীদের ছত্রভঙ্গ করে দেন এবং অবরোধের কারণে সাজেকে আটকে পড়া ২ হাজার ৯৩৩ জন পর্যটককে সকাল সাড়ে ৮টার দিকে যৌথবাহিনীর (সেনাবাহিনী ও পুলিশ) পাহারায় সাজেক থেকে খ।
সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনী প্রথমে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে অবরোধকারীদের ছত্রভঙ্গ করে। এর পরই সশস্ত্র ইউপিডিএফ সদস্যরা নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে সরাসরি গুলি বর্ষণ শুরু করে। জবাবে আইনশৃঙ্খলা বাহিনীও পাল্টা গুলি চালায়। কিছুক্ষণ পাল্টাপাল্টি গোলাগুলির পর সন্ত্রাসীরা পিছু হটতে বাধ্য হয়। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।
সহিংস পরিস্থিতির প্রেক্ষাপটে গত বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যা থেকে রাঙামাটি জেলা প্রশাসন এক জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে সাজেক ভ্যালি পর্যটন কেন্দ্রটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে। বিজ্ঞপ্তিতে সেখানে থাকা সমস্ত পর্যটককে বৃহস্পতিবার বিকেলের মধ্যে সাজেক ত্যাগের নির্দেশ দেওয়া হয় এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সেখানে ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়। বর্তমানে আটকে পড়া পর্যটকদের নিরাপদে খাগড়াছড়িতে পৌঁছে দেওয়া হয়েছে।