বাংলাদেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতার বিরুদ্ধে করা কোনো ষড়যন্ত্রই সফল হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। শনিবার (৩ অক্টোবর) রাজশাহী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সভায় তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, দেশের মানুষই তাদের ভবিষ্যৎ ও জাতীয় সিদ্ধান্তের বিষয়ে চূড়ান্ত মালিক। কোনো বহিঃশক্তির শাসন বা ভয় দেখিয়ে এদেশের অগ্রযাত্রা থামানো যাবে না। আর দেশের মানুষকে কোনো বিদেশি শাসনের ভয় দেখিয়ে লাভ নেই। অতীতে ষড়যন্ত্র করে রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তনের চেষ্টা করা হলেও ভবিষ্যতে কোনো ষড়যন্ত্র সফল হবে না।
তারেক রহমানের নেতৃত্ব প্রসঙ্গে ভূমিমন্ত্রী বলেন, দলের হাইকমান্ড যে সিদ্ধান্ত নেবেন, সেটিই হবে চূড়ান্ত। তিনি ওলামা দলকে কেবল ধর্মীয় সভা বা দোয়ার মধ্যে সীমাবদ্ধ না রেখে জাতীয় রাজনীতিতে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান। প্রকৃত আলেম-ওলামাদের অধিকার ও সম্মান নিশ্চিত করা এবং অতীতে ধর্মকে ব্যবহার করে যারা বিভিন্ন প্রতিষ্ঠানে প্রভাব বিস্তার করেছে, তাদের সরিয়ে প্রকৃত ধর্মীয় ব্যক্তিত্বদের মূল্যায়নের ওপর তিনি গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে ওলামা দলের ভূমিকার প্রশংসা করে মন্ত্রী বলেন, চরম প্রতিকূল পরিস্থিতির মধ্যেও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে গড়া এই সংগঠন ঈমানী শক্তিতে বলীয়ান হয়ে একটি সুসংগঠিত শক্তিতে পরিণত হয়েছে। তারেক রহমানের নেতৃত্বে উন্নত, গণতান্ত্রিক ও নিরাপদ বাংলাদেশ গড়ার লক্ষ্য অর্জনে আলেম-সমাজকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। এ ক্ষেত্রে আলেম-ওলামাদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
রাজশাহী জেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা মো. তাজ উদ্দিন খাঁনের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির ত্রাণ ও পুনর্বাসনবিষয়ক সম্পাদক এডভোকেট মো. শফিকুল হক মিলন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য অধ্যাপক মো. নজরুল ইসলাম মণ্ডল, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান রিটন এবং কেন্দ্রীয় বন ও পরিবেশ সম্পাদক মোসাদ্দেক হোসেন বুলবুল।
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন মহানগর বিএনপির সভাপতি মো. মামুন অর রশিদ, জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি নজরুল হুদা এবং মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি। অনুষ্ঠানটি পবিত্র কোরআন তিলাওয়াত ও ইসলামী সংগীতের মধ্য দিয়ে শুরু হয়। জেলা ওলামা দলের সদস্য সচিব কাজী মো. নুরুল আলমের বক্তব্যের পাশাপাশি জেলার বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ সভায় অংশ নেন। সবশেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।