সাভারের ন্যাশনাল ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চে (নিটার) অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘টেক্সটাইল ফেস্ট বাংলাদেশ ১.০’। আগামী ৮ ও ৯ অক্টোবর ২০২৬ নিটার ক্যাম্পাসে দুই দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হবে।
নিটার টেক্সটাইল ক্লাব আয়োজিত এ উৎসবে ‘ওরুভা বাই প্রতিভা’ কনসার্ট ও বিনোদন পার্টনার হিসেবে যুক্ত হয়েছে। আয়োজকদের মতে, তাদের এই অংশগ্রহণ উৎসবের বিনোদন পর্বকে আরও প্রাণবন্ত করে তুলবে।
টেক্সটাইল খাতের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি, শিক্ষার্থী, উদ্যোক্তা ও বিভিন্ন পর্যায়ের অতিথিদের অংশগ্রহণে উৎসবটি জমে উঠবে বলে আশা করছেন আয়োজকরা।
উৎসবে অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, সংসদ সদস্য দেওয়ান মো. সালাহউদ্দিন, বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি শওকত আজিজ রাসেল, বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশনের (বিটিএমসি) চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাহিদ হাসান, বিজিএমইএর সভাপতি **মাহমুদ হাসান খান (বাবু)**সহ টেক্সটাইল ও শিল্প খাতের আরও অনেক বিশিষ্ট ব্যক্তি।
এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন ড. উপমা কবির, লিটল স্টার স্পিনিং মিলস লিমিটেডের চেয়ারম্যান মো. খোরশেদ আলম, ওরুভা বাই প্রতিভার পরিচালক ও সানসেট হোটেল অ্যান্ড রিসোর্টের মালিক প্রতিভা শাওনসহ আরও অতিথিদের উপস্থিত থাকার কথা রয়েছে।
টেক্সটাইল, প্রতিভা, উদ্ভাবন ও সৃজনশীলতার সমন্বয়ে আয়োজিত এ উৎসবকে ঘিরে শিক্ষার্থী ও তরুণদের মধ্যে ইতোমধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। আয়োজকদের প্রত্যাশা, ৮ ও ৯ অক্টোবর নিটার ক্যাম্পাসে টেক্সটাইল ফেস্ট বাংলাদেশ ১.০ একটি স্মরণীয় আয়োজন হয়ে উঠবে।