বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন

রাজু আহমেদ হত্যায় সাবেক এমপি মোশতাকসহ দুইজনের রিমান্ড মঞ্জুর

প্রতিবেদকের নাম

রাজধানীর মোহাম্মদপুরে জুলাই গণ–অভ্যুত্থানের সময় জননী কুরিয়ার সার্ভিসের কর্মী রাজু আহমেদকে হত্যার অভিযোগে দায়ের করা একটি মামলায় নেত্রকোনা-১ আসনের সাবেক সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহী এবং মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক কবির হোসেনের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার শুনানির পর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ইসমাইল এই আদেশ প্রদান করেন।

তদন্ত কর্মকর্তা ও মোহাম্মদপুর থানার উপপরিদর্শক মো. জাহিদুল ইসলাম কবির আসামিদের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন জানিয়েছিলেন। রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়, মামলার প্রকৃত রহস্য উদ্‌ঘাটন, অপরাধে ব্যবহৃত অস্ত্র উদ্ধার এবং এই ঘটনার সঙ্গে জড়িত পলাতক ও অজ্ঞাতনামা অন্যান্য আসামিদের গ্রেপ্তারের জন্য তাদের জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন আইনজীবী ওমর ফারুক ফারুকী। অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী মোস্তাফিজুর রহমান তালুকদার দিপুসহ অন্যরা রিমান্ড বাতিলের আবেদন করেন। উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে আদালত দুই আসামিকে চার দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দেন। এর আগে গত ২৩ সেপ্টেম্বর মোশতাক আহমেদকে মোহাম্মদপুরের ইকবাল রোড থেকে এবং কবির হোসেনকে বছিলা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছিল।

মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই বিকেল সাড়ে চারটার দিকে মোহাম্মদপুরের বাঁশবাড়িতে ওরিয়েন্টাল কোভান অ্যাপার্টমেন্টের সামনে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার শান্তিপূর্ণ মিছিলের ওপর গুলি চালানো হয়। সে সময় কুরিয়ার সার্ভিসের কর্মস্থলে অবস্থানরত ২৪ বছর বয়সী রাজু আহমেদ গুলিবিদ্ধ হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এই ঘটনায় ২৭ আগস্ট রাজুর বাবা বাদী হয়ে মামলাটি দায়ের করেছিলেন। বিকেল সাড়ে ৪টার দিকে ম্যানেজার শাহাদাত জানতে পারেন, রাজু আহমেদ (২৪) গুলিবিদ্ধ হয়ে পড়ে আছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ