হঠাৎ বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। শনিবার (১৪ নভেম্বর) সকালে শারীরিক অসুস্থতা অনুভব করলে তাকে রাজধানীর কন্টিনেন্টাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মন্ত্রীর ভর্তির বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ ও সিনিয়র তথ্য কর্মকর্তা পবন চৌধুরী।
হাসপাতালে ভর্তির পর হৃদ্রোগ বিশেষজ্ঞ ডা. মনিরুজ্জামানের নেতৃত্বে মন্ত্রীর এনজিওগ্রামসহ প্রয়োজনীয় বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করা হয়। এ বিষয়ে হাসপাতালের চিকিৎসক ডা. ফজলে রাব্বি জানিয়েছেন, বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন এবং তার শারীরিক অবস্থা ভালো আছে। তিনি বর্তমানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
এদিকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা পবন চৌধুরী আশা প্রকাশ করে জানান, শারীরিক অবস্থা বিবেচনায় সবকিছু ঠিকঠাক থাকলে আগামী পরশু থেকেই মন্ত্রী পুনরায় নিজ দাপ্তরিক কার্যক্রম শুরু করবেন। বর্তমানে তিনি সুস্থ রয়েছেন বলে জানিয়েছেন দায়িত্বরত চিকিৎসকরা।