রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন

ইন্ডিয়া জোটের সিইসিবিরোধী বিক্ষোভে যোগ দিলেন থালাপতি বিজয়

প্রতিবেদকের নাম

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে চেন্নাইয়ে অনুষ্ঠিত কংগ্রেসের নেতৃত্বাধীন বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়েছে তামিলনাড়ুর ক্ষমতাসীন দল তামিলাগা ভেত্রি কাজাগাম (টিভিকে)। এটি ছিল গত ৩ অক্টোবর বিরোধী দলগুলোর জোট ‘ইন্ডিয়া’তে যোগ দেওয়ার পর সিইসিবিরোধী কোনো আন্দোলনে অভিনেতা থেকে রাজনীতিতে আসা মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়ের দলের প্রথম অংশগ্রহণ। নির্বাচনী ভোটার তালিকা প্রণয়নে অনিয়ম এবং বিতর্কিত বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ার প্রতিবাদে এই ‘গণতন্ত্র রক্ষা’ বিক্ষোভের আয়োজন করা হয়েছিল।

কংগ্রেসের সংসদ সদস্য বি মানিকাম ঠাকুর এবং তামিলনাড়ু কংগ্রেস কমিটির যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে ইন্ডিয়া জোটের শরিক সাতটি দলের নেতারাও যোগ দেন। এদিকে ভোটার তালিকায় একই ধরনের কারচুপির অভিযোগ তুলে ভারতের রাজধানী নয়াদিল্লিতেও পৃথক বিক্ষোভ কর্মসূচি চলছে। চেন্নাইয়ের সমাবেশে বক্তারা অভিযোগ করেন যে, এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে সুপরিকল্পিতভাবে কোটি কোটি ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। তাঁদের দাবি, শুধু তামিলনাড়ু থেকেই ৯৭ লাখের বেশি ভোটারের নাম মুছে ফেলা হয়েছে এবং ভুক্তভোগীদের বড় অংশই মুসলিম, ক্ষুদ্র-জাতিসত্তা ও প্রান্তিক জনগোষ্ঠীর মানুষ।

বক্তারা আরও অভিযোগ করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকারের এই উদ্যোগ সংবিধানের মূল চেতনাকে মারাত্মকভাবে ক্ষুণ্ন করছে। এটিকে ‘গণতান্ত্রিক হত্যাকাণ্ড’ হিসেবে আখ্যা দিয়ে তাঁরা আশঙ্কা প্রকাশ করেন যে, ক্ষমতাসীন বিজেপির রাজনৈতিক ফায়দা নিশ্চিত করতেই নির্বাচনী প্রক্রিয়ায় এমন কারসাজি করা হচ্ছে। বিরোধী এই আন্দোলনের প্রতিক্রিয়ায় কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং পাল্টা অভিযোগ তুলেছেন যে, আন্দোলনকারীরা ‘বাংলাদেশের মতো সহিংসতার মাধ্যমে’ সরকার পরিবর্তনের ষড়যন্ত্র করছে। মুক্তি পেলেন নেহা বোরা, দিপকে কোথায় জানতে চায় সিজেপি।

উল্লেখ্য যে, এই বিক্ষোভে অংশগ্রহণের মাত্র কয়েক দিন আগেই গত ১০ অক্টোবর চেন্নাইয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সঙ্গে টিভিকে প্রধান সি জোসেফ বিজয়ের গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। শহরতলির নীলাঙ্করাইয়ে বিজয়ের বাসভবনে অনুষ্ঠিত ওই বৈঠকে রাহুল গান্ধী সম্প্রতি ধারাপুরাম ও মাদুরান্তাকাম উপনির্বাচনে টিভিকের সাফল্যের জন্য বিজয়কে অভিনন্দন জানান। সাউথ ফার্স্টের তথ্য অনুযায়ী, রাহুল গান্ধী ভারতজুড়ে ক্ষমতাসীন বিজেপির বিরুদ্ধে যৌথভাবে প্রচার, আলোচনা এবং বিভিন্ন বিক্ষোভে অংশ নেওয়ার জন্য বিজয় ও তাঁর দলকে আমন্ত্রণ জানিয়েছিলেন। ‘সেক্যুলার সোশ্যাল জাস্টিস ভিক্টরি অ্যালায়েন্স’ গঠনের পর দুই শীর্ষ নেতার মধ্যে এটিই ছিল প্রথম বৈঠক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ