দেশের বিনিয়োগ পরিবেশকে আরও গতিশীল, সহজতর এবং সমন্বিত করার লক্ষ্যে বড় ধরনের কাঠামোগত পরিবর্তন এনেছে সরকার। এখন থেকে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) এবং পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষ (পিপিপিএ) একীভূত হয়ে ‘ইনভেস্ট বাংলাদেশ’ নামে কার্যক্রম পরিচালনা করবে। বৃহস্পতিবার (২১ আগস্ট) ‘ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬’ কার্যকর করার মাধ্যমে এই নতুন কর্তৃপক্ষের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তারের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়েছে, আইনের ধারা ১-এর উপধারা (২)-এর ক্ষমতাবলে এই আইন কার্যকর করা হয়েছে। এর ফলে বিডা, বেজা ও পিপিপিএ বিলুপ্ত হয়ে গেছে এবং এই তিন সংস্থার যাবতীয় কার্যক্রম এখন থেকে ‘ইনভেস্ট বাংলাদেশ’-এর অধীনে পরিচালিত হবে। নতুন এই সংস্থাটি একটি সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান হিসেবে দায়িত্ব পালন করবে।
নতুন কর্তৃপক্ষের প্রধান কার্যালয় ঢাকায় অবস্থিত হবে। তবে প্রয়োজনে সরকারের অনুমোদন সাপেক্ষে দেশের বিভিন্ন স্থানে শাখা অফিস এবং বিদেশে লিয়াজোঁ কার্যালয় স্থাপনের সুযোগ রাখা হয়েছে। সংস্থাটি পরিচালনার জন্য একজন চেয়ারম্যান ও সাতজন সদস্য নিয়ে একটি বোর্ড গঠিত হবে, যেখানে চেয়ারম্যান একই সঙ্গে প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পালন করবেন। নতুন এই কর্তৃপক্ষের সাংগঠনিক কাঠামো এবং বিভিন্ন উইং গঠনের প্রক্রিয়া পর্যায়ক্রমে সম্পন্ন করা হবে।
বিনিয়োগ আকর্ষণে দেশি-বিদেশি প্রচার চালানো, বিনিয়োগের নতুন সম্ভাবনা চিহ্নিত করা এবং বিনিয়োগকারীদের সব ধরনের প্রতিবন্ধকতা দূর করাই হবে এই সংস্থার মূল লক্ষ্য। এছাড়া সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোর মধ্যে সমন্বয় সাধন এবং বিনিয়োগকারীদের প্রয়োজনীয় সেবা সহজতর করার দায়িত্বও পালন করবে ইনভেস্ট বাংলাদেশ। একীভূতকরণের ফলে আগের তিন সংস্থার সব সম্পদ, নথি, চুক্তি এবং দায়-দেনা নতুন কর্তৃপক্ষের কাছে হস্তান্তরিত হবে। পাশাপাশি বিডা, বেজা ও পিপিপিএ-এর কর্মকর্তা-কর্মচারীরা এখন থেকে নতুন এই সংস্থায় তাদের দায়িত্ব পালন করবেন।