জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবরের ব্যক্তিগত গাড়িতে গুলি চালানোর ঘটনায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। শনিবার রাতে রাজধানীর হাতিরঝিল থানায় গায়ক নিজেই বাদী হয়ে এই মামলাটি করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, জড়িত ব্যক্তিকে শনাক্ত করার জন্য পুলিশ ঘটনাস্থল ও আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করছে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মগবাজারের বিশাল সেন্টারের সামনে নিজের ব্যক্তিগত গাড়িটি পার্ক করে এর তৃতীয় তলায় নিজস্ব কার্যালয়ে যান আসিফ আকবর। শনিবার ভোর ৪টা ৫০ মিনিটের দিকে অফিসে থাকা অবস্থাতেই তিনি বিকট একটি শব্দ শুনতে পান। পরে নিচে পার্কিংয়ে গিয়ে দেখতে পান, তার গাড়ির পেছনের ডান পাশের দরজার কাচ ভাঙা অবস্থায় আছে।
এরপর কার্যালয়ে ফিরে সিসিটিভি ফুটেজ চেক করেন তিনি। এতে দেখা যায়, মগবাজার থেকে ওয়্যারলেস অভিমুখে যাওয়া একটি সিএনজিচালিত অটোরিকশা থেকে নেমে এক ব্যক্তি পার্কিংয়ের সামনে যান। এরপর তিনি আসিফ আকবরের গাড়ির কাচ লক্ষ্য করে গুলি ছুড়ে দ্রুত ওই অটোরিকশায় চড়ে ঘটনাস্থল ত্যাগ করেন।
ঘটনার সময়ের বর্ণনা দিয়ে আসিফ আকবর বলেন, গুলির সময় তিনি অফিসেই ছিলেন এবং সিসিটিভিতে নজর রাখছিলেন। ঘড়িতে তখন ভোর ৪টা ৫২ কি ৫৪ মিনিট হবে। তিনি জানান, ঘটনার সময় গাড়িতে কেউ ছিল না। কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে সে বিষয়ে কোনো ধারণা নেই তার। গায়ক আরও বলেন, আমি কাউকে সন্দেহ করতে পারছি না। যে বা যারা এই কাজ করেছে, তারা আমার অফিস টাইমিং সম্পর্কে বেশ ভালোভাবেই অবগত ছিল। পুরো বিষয়টি এখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্ত করে দেখছে।