যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে শনিবার টেলিফোনে দ্বিপক্ষীয় ও আন্তর্জাতিক নানা ইস্যু নিয়ে আলোচনা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়্যিপ এরদোগান। এই ফোনালাপে তিনি আশা প্রকাশ করেন, আগামী দিনগুলোতে আঙ্কারা ও ওয়াশিংটনের মধ্যকার দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার ও বিস্তৃত হবে। তুরস্কের যোগাযোগ অধিদপ্তরের এক বিবৃতিতে এ ফোনালাপের তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিবৃতিতে জানানো হয়, ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার বিদ্যমান উত্তেজনা কূটনৈতিক পন্থায় প্রশমিত করার বিষয়ে গুরুত্ব আরোপ করেছেন এরদোগান। সেই সঙ্গে মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তুরস্কের অবস্থান ও প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেন তিনি। এছাড়া রাশিয়া-ইউক্রেন সংঘাত নিরসনে জোরদার কূটনৈতিক তৎপরতা অদূর ভবিষ্যতে ইতিবাচক ফল আনবে বলেও তুর্কি প্রেসিডেন্ট আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা প্রশমন এবং ইউক্রেন যুদ্ধ বন্ধের প্রচেষ্টা নিয়ে আলোচনা করেন তারা।
সংস্থাটির তথ্য অনুযায়ী, ট্রাম্পের সঙ্গে ফোনালাপে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে নতুন গতি সঞ্চারে যৌথভাবে কাজ করার ওপর জোর দেন এরদোগান। পাশাপাশি আসন্ন তুর্কি রাষ্ট্রসমূহের সংস্থার (ওটিএস) শীর্ষ সম্মেলনে সমর্থন জানানোর জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে ধন্যবাদ জানান তিনি।