অর্থনীতিকে গণতান্ত্রিক কাঠামোয় নিয়ে আসতে না পারলে রাজনৈতিক গণতন্ত্র কখনোই সফল হতে পারে না বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। রোববার (৮ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় পরিসংখ্যান দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত আলোচনাসভায় তিনি এ কথা বলেন। তিনি আরও উল্লেখ করেন, অর্থনীতি গণতান্ত্রিক না হলে দেশের সামগ্রিক উন্নতি বাধাগ্রস্ত হয়।
তথ্যের স্বচ্ছতা নিশ্চিত করতে পরিসংখ্যান ব্যুরোকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। তার মতে, কোনো সরকারই যদি জাতীয় তথ্য নিয়ে প্রতারণার আশ্রয় নেয়, তবে তা প্রকারান্তরে নিজের সঙ্গেই প্রতারণা করা। সঠিক ও নির্ভরযোগ্য তথ্যের মাধ্যমেই কেবল স্বচ্ছতা প্রতিষ্ঠা করা সম্ভব বলে তিনি মনে করেন।
একই সভায় পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম বলেন, সরকার কোনো ধরনের তথ্য বিকৃতির পক্ষপাতী নয়। পরিসংখ্যান তৈরির প্রক্রিয়ায় কোনো প্রকার রাজনৈতিক হস্তক্ষেপ থাকবে না। মানুষের কাছে নির্ভরযোগ্য তথ্য পৌঁছে দিতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি।