রাজধানীর বাসিন্দাদের মাথাপিছু বার্ষিক আয় ৫,১৬৩ ডলার বা ৬ লাখ টাকার বেশি বলে জানিয়েছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)। শনিবার ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে সংগঠনটি তাদের নতুন ইকোনমিক পজিশন ইনডেক্স (ইপিআই) প্রকাশ করে। তথ্য অনুযায়ী, দেশের মোট জিডিপিতে ঢাকা জেলার অবদান প্রায় ৪৬ শতাংশ। এর মধ্যে উৎপাদন খাতে ঢাকার অবদান ৫৫.৫৮ শতাংশ এবং সেবা খাতে ৪৪.২ শতাংশ।
ডিসিসিআই সভাপতি তাসকিন আহমেদ জানান, দেশের উৎপাদন, কর্মসংস্থান ও বিনিয়োগ পরিস্থিতির সঠিক চিত্র তুলে ধরতেই এই ইপিআই প্রণয়ন করা হয়েছে, যা প্রতি তিন মাস অন্তর প্রকাশিত হবে। গার্মেন্টস, ব্যাংক ও আবাসনসহ মোট আটটি গুরুত্বপূর্ণ খাতকে এই সূচকের অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মাধ্যমে অর্থনৈতিক খাতের প্রবণতা ও পরিবর্তনগুলো দ্রুত শনাক্ত করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
অনুষ্ঠানে ব্যবসায়ীরা অনানুষ্ঠানিক খাতের গুরুত্বের পাশাপাশি স্থিতিশীল জ্বালানি সরবরাহের প্রয়োজনীয়তার ওপর জোর দেন। ডিসিসিআইয়ের সাবেক সভাপতি আবুল কাসেম বলেন, পরিবর্তনের জায়গাগুলো আমাদের জানা আছে। অনেক সুপারিশ দেওয়া সত্ত্বেও সেগুলো বাস্তবায়নের অভাবে আন্তর্জাতিক সূচকে আমরা পিছিয়ে আছি। আইএফসির বিশেষজ্ঞ মিয়া রহমত আলী এ প্রসঙ্গে বলেন, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা গেলে শুধুমাত্র বিদ্যুতের কারণেই জিডিপি ২ থেকে ৩ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। কেন এই মৌলিক বিষয়গুলো বাস্তবায়ন হচ্ছে না, তা নিয়ে গভীর পর্যালোচনার প্রয়োজন রয়েছে।