অটোরিকশার চার্জিং পয়েন্টগুলোতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার প্রতিবাদে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলো অবরোধ করেছেন চালকরা। সোমবার সকাল সাড়ে ১০টার পর থেকে শত শত চালক জড়ো হয়ে পল্টন ও জাতীয় প্রেস ক্লাবের সামনের সড়ক বন্ধ করে দেন। এতে রাজধানীর প্রধান প্রধান সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় এবং তীব্র যানজটের সৃষ্টি হওয়ায় সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত সড়ক থেকে সরবেন না বলে ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। আন্দোলনকারীরা জানান, অটো চার্জ দেওয়ার স্থানে বিদ্যুৎবিচ্ছিন্ন করার প্রতিবাদসহ কয়েকটি দাবিতে তারা সড়ক অবরোধ করেছেন।
পল্টন ও প্রেস ক্লাব ছাড়াও রামপুরা, বাড্ডা, মালিবাগ, খিলগাঁও, মতিঝিল, মিরপুর ও মোহাম্মদপুরসহ ঢাকার বিভিন্ন এলাকায় অটোরিকশা চলাচল বন্ধ রয়েছে। অনেক জায়গায় চালকরা দল বেঁধে খণ্ড খণ্ড মিছিল বের করেছেন। উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
শাহবাগ থানা সূত্র জানিয়েছে, অটোচালকদের এই বিক্ষোভকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। এ বিষয়ে পুলিশের রমনা বিভাগের উপ-কমিশনার জাহিদুল ইসলাম জানান, সমাবেশ থেকে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা বা অপ্রীতিকর ঘটনা ঘটতে না পারে, সে জন্য পুলিশ বাহিনী সতর্ক অবস্থানে থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।