জাপানে চার দিনের সরকারি সফর শেষে দেশে ফেরার পথে যান্ত্রিক ত্রুটির মুখে পড়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট। বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় ফ্লাইটটি ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা থাকলেও যান্ত্রিক গোলযোগের কারণে তা সম্ভব হয়নি। বর্তমানে ফ্লাইটটি নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরের পার্কিং এলাকায় রয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ফ্লাইটটি নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরেই অবস্থান করছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা বিজি-৩৭৭ ফ্লাইটে বোর্ডিং সম্পন্ন করে টার্মিনাল ত্যাগ করেছিলেন। কিন্তু রানওয়ের দিকে যাওয়ার সময় ককপিটে উড়োজাহাজের স্পয়লারে কারিগরি ত্রুটির সংকেত দেখা দেয়। নিরাপত্তার স্বার্থে পাইলট উড্ডয়নের সিদ্ধান্ত বাতিল করে উড়োজাহাজটিকে পুনরায় পার্কিংয়ে ফিরিয়ে আনার নির্দেশ দেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রধানমন্ত্রীসহ ভিভিআইপি যাত্রীদের বহনকারী বিজি-৩৭৭ ফ্লাইটটি বোর্ডিং শেষে টার্মিনাল থেকে পুশব্যাক করা হয়। পরে কন্ট্রোল টাওয়ারের সঙ্গে সমন্বয় করে উড়োজাহাজটিকে নির্ধারিত পার্কিং এলাকায় ফিরিয়ে নেয়া হয়।
বিমান সংস্থাটির জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক শাহনূর আহমেদ ফ্লাইটে যান্ত্রিক ত্রুটির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বর্তমানে প্রকৌশলীরা ত্রুটি মেরামতের কাজ চালিয়ে যাচ্ছেন। ইঞ্জিনিয়ার সাদেকুল ইসলাম ভূঁইয়া ও প্রকৌশলী মান্নানের নেতৃত্বে একটি কারিগরি দল উড়োজাহাজটি সচল করতে কাজ করছে। প্রাথমিক মূল্যায়ন অনুযায়ী, এই কারিগরি সমস্যা সমাধানে দুই থেকে তিন ঘণ্টা সময় লাগতে পারে। তবে উড্ডয়নের বিষয়টি চূড়ান্ত হবে সব ধরনের কারিগরি পরীক্ষা ও মেরামতের কাজ শেষ হওয়ার পর।
উড়োজাহাজের ডানায় থাকা স্পয়লার মূলত অবতরণের সময় গতি নিয়ন্ত্রণে সাহায্য করে এবং এটি অত্যন্ত সংবেদনশীল একটি যন্ত্রাংশ। এই যন্ত্রাংশের কার্যকারিতা নিশ্চিত করা ছাড়া নিরাপদ উড্ডয়ন সম্ভব নয় বলে কারিগরি সংশ্লিষ্টরা জানিয়েছেন। ফ্লাইটটির পরবর্তী যাত্রা এখন পুরোপুরি মেরামতের অগ্রগতির ওপর নির্ভর করছে। এটি ডানার উত্তোলনক্ষমতা কমিয়ে উড়োজাহাজের গতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।