রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) জানিয়েছে, ঢাকাবাসীর বার্ষিক মাথাপিছু আয় বর্তমানে ৫,১৬৩ ডলার বা প্রায় ৬ লাখ টাকারও বেশি। সংস্থাটির তথ্য অনুযায়ী, ঢাকা জেলার মোট দেশজ উৎপাদন বা জিডিপিতে ঢাকার অবদান দেশের মধ্যে সর্বোচ্চ, যা ৪৬ শতাংশ। এছাড়া রাজধানীর অর্থনৈতিক কাঠামোয় উৎপাদন খাতে ঢাকার অবদান ৫৫.৫৮ শতাংশ এবং সেবা খাতে ৪৪.২ শতাংশ।
ডিসিসিআই সভাপতি তাসকিন আহমেদ জানান, দেশের উৎপাদন, বিনিয়োগ ও কর্মসংস্থান পরিস্থিতি সম্পর্কে স্বচ্ছ ধারণা পেতেই ইকোনমিক পজিশন ইনডেক্স (ইপিআই) চালু করা হয়েছে। এর মাধ্যমে অর্থনৈতিক খাতের প্রবণতা ও পরিবর্তনগুলো সহজে ও দ্রুত শনাক্ত করা সম্ভব হবে। অনুষ্ঠানে ব্যবসায়ীরা অনানুষ্ঠানিক খাতের গুরুত্বের পাশাপাশি শিল্পখাতে স্থিতিশীল জ্বালানি সরবরাহের প্রয়োজনীয়তা তুলে ধরেন। ডিসিসিআইয়ের সাবেক সভাপতি আবুল কাসেম বলেন, আমরা উন্নয়নের প্রয়োজনীয় জায়গাগুলো সম্পর্কে জানি। এসব সুপারিশ যথাযথভাবে বাস্তবায়ন করা সম্ভব হলে আন্তর্জাতিক ইনডেক্সে দেশের অবস্থান আরও উন্নত হতো। অনেক সুপারিশ দেওয়া হলেও এগুলো বাস্তবায়ন হলে আন্তর্জাতিক ইনডেক্সে আমরা আরও এগিয়ে যেতাম।
অনুষ্ঠানে আইএফসির বিশেষজ্ঞ মিয়া রহমত আলী বলেন, কেবল নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা গেলে দেশের জিডিপি ২ থেকে ৩ শতাংশ পর্যন্ত বৃদ্ধি করা সম্ভব। এমন সম্ভাবনা থাকা সত্ত্বেও কেন তা বাস্তবায়িত হচ্ছে না, তা বড় ভাবনার বিষয়। ডিসিসিআই জানিয়েছে, গার্মেন্টস, ব্যাংক ও আবাসনসহ মোট আটটি খাতের সমন্বয়ে এই ইপিআই তৈরি করা হয়েছে। এখন থেকে প্রতি তিন মাস অন্তর এই ইনডেক্স প্রকাশ করা হবে।