আজ ঐতিহাসিক ৭ নভেম্বর, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। ১৯৭৫ সালের এই দিনে সিপাহী-জনতার স্বতঃস্ফূর্ত বিপ্লবে দেশের তৎকালীন রাজনীতির গতিপথ আমূল পাল্টে গিয়েছিল এবং দেশ ও জাতি নতুন এক দিশার সন্ধান পেয়েছিল। দিনটি উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকাল সাড়ে ৮টায় এই শ্রদ্ধা নিবেদন সম্পন্ন হয়। এ সময় দলের কেন্দ্রীয় ও সরকারের উচ্চপর্যায়ের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ জিয়ার রুহের মাগফিরাত ও দেশের কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। অভূতপূর্ব এক সংহতির নজির সৃষ্টি হয় দেশের রাজনীতিতে।
১৯৭৫ সালের এ দিনে সিপাহী-জনতার মিলিত বিপ্লবে জেনারেল জিয়াউর রহমান ক্ষমতার কেন্দ্রবিন্দুতে চলে আসেন।
এর আগের ঘটনাপ্রবাহ ছিল অত্যন্ত উত্তপ্ত।
১৫ আগস্ট শেখ মুজিবুর রহমান এবং ৩ নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে জাতীয় চার নেতা হত্যাকাণ্ডের পর সেনাবাহিনীর তৎকালীন উপপ্রধান ব্রিগেডিয়ার জেনারেল খালেদ মোশাররফ তার অনুসারীদের নিয়ে অভ্যুত্থান ঘটান। সেই সময় সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমানকে ঢাকা ক্যান্টনমেন্টে বন্দি করা হয়। খালেদ মোশাররফ নিজেকে সেনাপ্রধান ঘোষণা করে ৬ নভেম্বর বঙ্গভবনে প্রেসিডেন্ট খন্দকার মোশতাক আহমেদকে গ্রেফতার করেন, মন্ত্রিসভা বাতিল করেন এবং জাতীয় সংসদ ভেঙে দেন। এরপর বিচারপতি আবু সাদাত মোহাম্মদ সায়েমকে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব দেওয়া হয়। ইতিহাস পর্যালোচনা করে জানা যায়, ১৯৭৫ সালের ১৫ আগস্টে তৎকালীন সরকারপ্রধান শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ড এবং ৩ নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে জাতীয় চার নেতাকে হত্যার ঘটনার ধারাবাহিকতায় সেনাবাহিনীর তৎকালীন উপপ্রধান ব্রিগেডিয়ার জেনারেল খালেদ মোশাররফ তার অনুসারী।
ওই রাতেই সেনাবাহিনীর সাধারণ সিপাহিরা ঐক্যবদ্ধ হয়ে পাল্টা প্রতিরোধ গড়ে তোলেন এবং স্বতঃস্ফূর্ত জনতা রাজপথে নেমে আসে। এই সিপাহি-জনতার বিপ্লবের মুখে বন্দিদশা থেকে মুক্ত হন জিয়াউর রহমান। ওই পাল্টা অভ্যুত্থান ঠেকাতে গিয়ে ৭ নভেম্বর সকালে খালেদ মোশাররফ তার কয়েকজন অনুসারীসহ নিহত হন। এই ঘটনার মধ্য দিয়ে জিয়াউর রহমান দেশের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে চলে আসেন এবং পরবর্তী সময়ে তিনি দেশকে স্থিতিশীলতার দিকে নিয়ে যান।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাত দিনের কর্মসূচি হাতে নিয়েছে বিএনপি। শুক্রবার দুপুরে নয়াপল্টন দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী জানান, সমাবেশের অংশ হিসেবেই আজ এই শ্রদ্ধা নিবেদন সম্পন্ন হয়েছে। আজই নয়াপল্টন দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শোভাযাত্রাটি কাকরাইলে প্রধান বিচারপতির বাসভবনের সামনে দিয়ে হোটেল ইন্টারকন্টিনেন্টাল হয়ে বাংলামোটর ও ফার্মগেট পেরিয়ে মানিক মিয়া অ্যাভিনিউয়ে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।