বিশ্বের শীর্ষ ধনী এবং টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্কের সঙ্গে দীর্ঘস্থায়ী সম্পর্কের অবসান ঘটিয়েছেন শিভন জিলিস। মাস্কের মালিকানাধীন একাধিক প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করা জিলিস জানিয়েছেন, কোনো পূর্ব সংকেত ছাড়াই মাত্র সাত দিনের ব্যবধানে তাদের সম্পর্ক ভালোবাসা থেকে বিচ্ছিন্নতায় রূপ নিয়েছে। এই পরিবর্তনের নেপথ্যে ব্যক্তিগত নানা কারণ থাকলেও তিনি এখন ভবিষ্যতে বন্ধুত্বের খাতিরে সম্পর্ক টিকিয়ে রাখতে আগ্রহী।
চার সন্তানের জননী শিভন জিলিস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি খোলা চিঠি প্রকাশ করেছেন। সেখানে তিনি উল্লেখ করেছেন যে, তাদের সম্পর্কের অনেক কিছুই এখন অতীত হলেও সন্তানপালনের ক্ষেত্রে তারা সহ-অভিভাবক ও ভালো বন্ধু হিসেবে দায়িত্ব পালন করে যাবেন। মাস্কের বিভিন্ন প্রতিষ্ঠানে জিলিস একাধারে নির্বাহী ও উপদেষ্টা হিসেবে কর্মরত ছিলেন। সাম্প্রতিক সময়ে মাস্কের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তির অনুষ্ঠানেও তাকে দেখা যেত।
চলতি বছরের মে মাসে ওপেনএআই-এর সহপ্রতিষ্ঠাতাদের সঙ্গে ইলন মাস্কের আইনি লড়াইয়ের শুনানিতে জিলিস সাক্ষ্য দিয়েছিলেন। মাস্কের ব্যক্তিগত জীবন বরাবরই নানা সম্পর্কে আবর্তিত হয়েছে, যেখানে একাধিকবার সন্তানের হেফাজত নিয়ে আইনি জটিলতা তৈরি হয়েছে। পরিসংখ্যান অনুযায়ী, মাস্ক বর্তমানে অন্তত এক ডজন সন্তানের পিতা। জিলিসের দেওয়া সাক্ষ্য অনুযায়ী, ২০২০ সালে আইভিএফ প্রযুক্তির মাধ্যমে সন্তান নেওয়ার ক্ষেত্রে মাস্ক নিজেই শুক্রাণু প্রদানের প্রস্তাব দিয়েছিলেন। ২০২১ সালে তারা গোপনে যমজ সন্তানের বাবা-মা হন, যা পরবর্তী সময়ে ২০২২ সালে বিজনেস ইনসাইডারের প্রতিবেদনে উঠে আসে। সম্পর্কের ইতি টানার বিষয়ে জিলিস লিখেছেন, অনেক প্রাপ্তি হারানোর বেদনা থাকলেও, এই সম্পর্কের মাধ্যমেই তার জীবনের সবচেয়ে সুন্দর চারটি সন্তান পৃথিবীতে এসেছে। তবে সৌভাগ্যক্রমে আমরা আমার জীবনের সবচেয়ে সুন্দর চারটি ভালোবাসা সৃষ্টি করেছি।’।