যুক্তরাষ্ট্রের ভিসা পেতে ইচ্ছুক আবেদনকারীদের জন্য কঠোর সতর্কতা জারি করেছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। শনিবার (৩ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে দূতাবাস জানিয়েছে, ভিসা ইন্টারভিউ চলাকালীন কোনো ধরনের মিথ্যা তথ্য প্রদান বা বিভ্রান্তিকর কর্মকাণ্ড থেকে বিরত থাকতে হবে।
দূতাবাসের ভাষ্যমতে, কনস্যুলার কর্মকর্তারা সাক্ষাৎকার গ্রহণকালে আবেদনকারীর অতীতের অভিবাসন সংক্রান্ত আইন লঙ্ঘনের বিষয়গুলো সম্পর্কে আগে থেকেই অবগত থাকেন। তাই সাক্ষাৎকারের সময় কোনো তথ্য গোপন না করে বা কোনো জাল নথিপত্র ব্যবহার না করে শতভাগ সত্য তথ্য দেওয়ার জন্য আবেদনকারীদের প্রতি আহ্বান জানানো হয়েছে। আবেদনকারীদের অতীতের যে কোনো অভিবাসন আইন লঙ্ঘনের তথ্য কনস্যুলার কর্মকর্তাদের জানা থাকে উল্লেখ করে দূতাবাস সতর্ক করেছে, সাক্ষাৎকারে অসত্য তথ্য দিলে স্থায়ীভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ হতে পারে।
সতর্কবার্তায় আরও বলা হয়েছে, যদি কোনো আবেদনকারী ইন্টারভিউতে মিথ্যা তথ্য দেন কিংবা জাল কাগজপত্র জমা দেন, তবে তার বর্তমান ভিসা আবেদনটি তাৎক্ষণিকভাবে বাতিল করা হবে। শুধু তাই নয়, এমন অসদুপায়ের জন্য ভবিষ্যতে ওই ব্যক্তির যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে স্থায়ী নিষেধাজ্ঞা বা আইনি বিধিনিষেধ জারি হওয়ার ঝুঁকি রয়েছে।