ইসরায়েলে আগামী ২৭ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে পার্লামেন্ট নির্বাচন।
দেশটিতে চলমান নির্বাচনী জনমত জরিপগুলোতে বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে।
এমন টানটান পরিস্থিতির মধ্যেই নেতানিয়াহুর প্রতি সরাসরি সমর্থন ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ দেওয়া এক পোস্টে ট্রাম্প স্পষ্ট করেছেন যে, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধে মিত্র হিসেবে পাশে থাকার জন্য তিনি নেতানিয়াহুর প্রশংসা করেন এবং তাকে ‘পূর্ণাঙ্গ ও সম্পূর্ণ সমর্থন’ দিচ্ছেন। তিনি আত্মবিশ্বাসের সাথে যোগ করেন, ‘বিবি নেতানিয়াহু আপনাদের কখনো হতাশ করবেন না!’
নির্বাচনের মাত্র নয় দিন আগে মার্কিন প্রেসিডেন্টের এই সরাসরি সমর্থন নেতানিয়াহুর জন্য বেশ গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। কারণ এর আগে এমন জল্পনা তৈরি হয়েছিল যে, ট্রাম্প হয়তো শেষ পর্যন্ত তাকে সমর্থন নাও দিতে পারেন। চলতি মাসের শুরুতে টাইম সাময়িকীকে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহুর দায়িত্ব পালনের বিষয়ে বারবার জানতে চাওয়া হলেও ট্রাম্প বিষয়টি এড়িয়ে যান এবং আলোচনার মোড় অন্যদিকে ঘুরিয়ে দেন। এমনকি তিনি তখন সরাসরি কোনো সমর্থন দিতেও অস্বীকৃতি জানিয়েছিলেন।
২০২৫ সালের জানুয়ারি থেকে দুই নেতা এ পর্যন্ত ছয়বারেরও বেশি মুখোমুখি বৈঠক করেছেন। তবুও বিভিন্ন সময় ইরানের বিরুদ্ধে যুদ্ধসহ নানা আঞ্চলিক সংঘাত নিয়ে তাদের মধ্যে মতবিরোধের খবর সামনে এসেছে। সম্পর্কের এই টানাপোড়েনের বিষয়ে গত জুনে ট্রাম্প নিজেই এক স্বীকারোক্তি দিয়েছিলেন। তিনি জানান, লেবাননে ইসরায়েলের হামলা নিয়ে হতাশা থেকে এক ফোনালাপে তিনি নেতানিয়াহুকে ‘বদ্ধ পাগল’ বলে সম্বোধন করেছিলেন। তবে অতীতের সেই তিক্ততাকে ছাপিয়ে এখনকার এই সমর্থন দুই নেতার রাজনৈতিক সমীকরণ যে বদলে দিয়েছে, তা স্পষ্ট। ট্রাম্প কি সত্যিই নেতানিয়াহুকে ‘পাগল’ বলেছেন, দুজনের ‘বিরোধ’ কতটা বাস্তব।