ফরিদপুর সদরে এক মর্মান্তিক ও ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে। পরিবারের শোকের আবহে বাবার মৃত্যুর মাত্র পাঁচ দিনের মাথায় চার বছর বয়সী এক শিশু হেনস্তার শিকার হয়েছে। এই ঘটনায় ভুক্তভোগী শিশুকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।
ঘটনাটি ঘটে গত ৮ অক্টোবর বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ওইদিন বিকেলে বাড়ির পাশে কলাগাছের আড়ালে শিশুটিকে কাঁদতে দেখেন তার ফুফু। শিশুটির অস্বাভাবিক অবস্থা দেখে পরিবারের সদস্যরা দ্রুত খোঁজখবর নিতে শুরু করেন এবং শিশুটি হেনস্তার শিকার হয়েছে বলে নিশ্চিত হন।
পরিবারের অভিযোগের ভিত্তিতে পার্শ্ববর্তী রাজবাড়ীর খানখানাপুর এলাকার বাসিন্দা রাজ্জাক বিশ্বাসকে (৪৬) ঘটনাস্থলের পাশ থেকে আটক করা হয়েছে। স্থানীয়রা তাকে হাতেনাতে ধরে পরে পুলিশে সোপর্দ করেন।
এই ঘটনায় আইনি পদক্ষেপ সম্পর্কে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, শিশুটির বড় বোন বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। ওই মামলায় রাজ্জাক বিশ্বাসকে গ্রেপ্তার দেখিয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।