রাজধানীর ওসমানী উদ্যানে সোমবার সকালে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধনকালে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ অভিযোগ করেন, সরকার সাংবিধানিক সংশোধনী বা সংস্কারের যে উদ্যোগ নিয়েছে, তাতে বিরোধী দল এখন পর্যন্ত কোনো সহযোগিতা করছে না। তিনি বলেন, বিষয়টিকে অনেকে সংস্কার হিসেবে আখ্যায়িত করলেও সরকার মূলত সংবিধানেই সংশোধনী আনতে চায়।
বিরোধী দলীয় নেতার সাম্প্রতিক মন্তব্যের প্রেক্ষিতে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিরোধী দল সরকারকে সহযোগিতা না করার কথা বললেও তারা ১৮ কোটি জনগণের কল্যাণে কাজ করার অঙ্গীকার করেছে। তিনি আরও বলেন, ‘১৮ কোটি জনগণকে সহযোগিতা করুন, এটাই আমরা চাই।’
সরকারের পক্ষ থেকে বিরোধী দলকে গঠনমূলক সমালোচনা এবং ভুল-ত্রুটি ধরিয়ে দেওয়ার আহ্বান জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘বিরোধী দল হিসেবে তাদের কর্মকাণ্ড এবং সাংবিধানিক সংস্কারে ভূমিকার মধ্যে সামঞ্জস্য থাকা প্রয়োজন। কিন্তু বাস্তবে তাদের রাস্তার বক্তব্যের সাথে সাংবিধানিক সংস্কারের কাজে মিল পাওয়া যাচ্ছে না।’