সৌদি আরবে গত জুলাই মাসে চালু হওয়া মাল্টিপল-এন্ট্রি ওমরাহ ভিসার মেয়াদ ইস্যুর তারিখ থেকে ৩৬৫ দিন পর্যন্ত কার্যকর থাকে। এই দীর্ঘ মেয়াদী ভিসার আওতায় ওমরাহযাত্রীরা এক বছরের মধ্যে একাধিকবার দেশটিতে প্রবেশ করতে পারেন। তবে ভিসা থাকলেই যে যখন তখন সৌদি আরবে যাওয়া যাবে, বিষয়টি এমন নয়। গালফ নিউজের প্রতিবেদন অনুযায়ী, সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় স্পষ্ট করেছে যে, প্রতিবার ওমরাহ পালনের জন্য দেশটিতে যাওয়ার আগে যাত্রীদের নুসুক প্ল্যাটফর্মের মাধ্যমে অনুমোদিত ওমরাহ সেবা প্রদানকারীর কাছ থেকে একটি সার্ভিস প্যাকেজ বুক করতে হবে।
এই সার্ভিস প্যাকেজটি অবশ্যই ভ্রমণকারীর পরিকল্পিত সফরের তারিখের সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে এবং ভিসার অবশিষ্ট মেয়াদের মধ্যে সম্পন্ন করতে হবে। এছাড়া, প্রতিটি সফরের জন্য আলাদাভাবে ওমরাহ পারমিট সংগ্রহ করা বাধ্যতামূলক। সৌদি আরবে প্রবেশের আগে নুসুক অ্যাপের মাধ্যমে এই পারমিট নিতে হয়, যেখানে পারমিটের তারিখ অবশ্যই সার্ভিস প্যাকেজে উল্লেখিত সফরের তারিখের সাথে মিল থাকতে হবে। অর্থাৎ, শুধু বৈধ ভিসা থাকলেই দ্বিতীয় বা পরবর্তী ওমরাহ সফরের জন্য সৌদি আরবে যাওয়া সম্ভব নয়; প্রতিটি সফরের জন্য নতুন করে প্যাকেজ ও পারমিট নিশ্চিত করা জরুরি।
নতুন আবেদনকারীদের ক্ষেত্রে প্রক্রিয়াটি শুরু হয় নুসুকের মাধ্যমে অনুমোদিত সার্ভিস প্যাকেজ কেনার মধ্য দিয়ে, যার পর ওমরাহ ভিসার জন্য আবেদন করা যায়। ভ্রমণকারীদের সৌদি আরবের অন্যান্য প্রবেশ ও ভ্রমণের শর্তাবলীও পূরণ করতে হবে। মন্ত্রণালয়ের নিয়ম অনুযায়ী, এক বছরের ভিসার মেয়াদ মানেই এই নয় যে যাত্রী পুরো সময় দেশটিতে অবস্থান করতে পারবেন। একাধিকবার ভ্রমণ করলেও দেশটিতে মোট অবস্থানের সময়কাল ৯০ দিনের বেশি হতে পারবে না। এই ব্যাখ্যার মূল উদ্দেশ্য হলো ওমরাহযাত্রীদের জন্য পুরো প্রক্রিয়াটি স্বচ্ছ রাখা এবং প্রতিটি সফরের জন্য আবাসন ও পরিবহনের মতো প্রয়োজনীয় সেবা আগে থেকেই নিশ্চিত করা। যারা বছরে একাধিকবার ওমরাহ পালনের পরিকল্পনা করছেন, তাদের প্রতিটি সফরের আগে নতুন করে সার্ভিস প্যাকেজ বুক ও ওমরাহ পারমিট নেয়ার প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে।