তৈরি পোশাক খাতে চলমান অস্থিরতা এবং অরাজকতা কঠোর হাতে দমন করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি স্পষ্ট করেছেন, যারা আন্দোলনের নামে শিল্পাঞ্চলে বিশৃঙ্খলা তৈরির পাঁয়তারা করছে, প্রকৃত শ্রমিকদের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। এসব কর্মকাণ্ডের নেপথ্যে পতিত শক্তির ইন্ধন ও যোগসাজশ রয়েছে বলে তিনি অভিযোগ করেন।
মঙ্গলবার (৩ নভেম্বর) সচিবালয়ে চিংড়ি মহাল ব্যবস্থাপনা সংক্রান্ত এক আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে মন্ত্রী এ কথা বলেন। সালাহউদ্দিন আহমদ বলেন, পোশাক কারখানা বন্ধ রাখতে যারা উস্কানিমূলক তৎপরতায় লিপ্ত, তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
শিল্পাঞ্চলের নিরাপত্তা ও শান্তিশৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, বন্ধ থাকা কারখানাগুলো দ্রুত খুলে দেওয়ার প্রক্রিয়া চলছে। শ্রমিকদের স্বার্থ রক্ষায় ইতোমধ্যে নতুন মজুরি বোর্ড গঠন করা হয়েছে এবং মালিক-শ্রমিক উভয় পক্ষই এতে সন্তোষ প্রকাশ করেছে। শ্রমিকদের কল্যাণে সব ধরনের পদক্ষেপ গ্রহণ করায় বর্তমানে এ খাতে কোনো ধরনের অস্থিতিশীলতা তৈরির যৌক্তিক সুযোগ নেই বলেও দাবি করেন তিনি।