তরুণ প্রজন্মসহ দেশের সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, সবার সক্রিয় অংশগ্রহণে ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দেশে পরিণত করা সম্ভব। বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘বাংলাদেশ এআই বিজনেস সামিটে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তরুণ প্রজন্মসহ সবাই একসঙ্গে কাজ করলে ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতির স্বপ্ন বাস্তবায়ন সম্ভব হবে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রাষ্ট্রপতি উল্লেখ করেন, বিশ্ব বর্তমানে এক বড় পরিবর্তনের সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে এবং এর কেন্দ্রবিন্দুতে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। আগামী দিনে বিশ্বমঞ্চে বাংলাদেশের অবস্থান কোথায় হবে, তা এআই প্রযুক্তির ব্যবহারের ওপরই অনেকাংশে নির্ভর করবে। চতুর্থ শিল্প বিপ্লবের প্রধান সৈনিক হিসেবে তরুণদের ভূমিকার কথা তুলে ধরে তিনি ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তাকে শুধুমাত্র ব্যয় কমানোর মাধ্যম হিসেবে না দেখে নতুন পণ্য উদ্ভাবন ও কর্মসংস্থান সৃষ্টির সুযোগ হিসেবে ব্যবহার করতে হবে। একই সঙ্গে তিনি সতর্ক করে দিয়ে বলেন, প্রযুক্তির এই উৎকর্ষের ক্ষেত্রে এমন ভারসাম্য বজায় রাখতে হবে যাতে এআই মানুষকে নিয়ন্ত্রণ করতে না পারে; কারণ তা পুরো সভ্যতার জন্য ঝুঁকি তৈরি করতে পারে।