বিএনপি সরকারের মন্ত্রিসভায় আজ শুক্রবার সন্ধ্যায় বড় ধরনের রদবদল ও নতুন মুখ যুক্ত হতে যাচ্ছে। নতুন রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথগ্রহণের পরপরই মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ অনুষ্ঠান সম্পন্ন হবে। সরকারের উচ্চপর্যায়ের একাধিক সূত্র নিশ্চিত করেছে যে, মন্ত্রিসভায় নতুন পাঁচজন যুক্ত হচ্ছেন এবং বিদ্যমান দায়িত্ব বণ্টনেও পরিবর্তন আনা হচ্ছে।
নতুনদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে যাচ্ছেন, যা আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অধীনে ছিল। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন বিএনপির জোটসঙ্গী বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থ। এছাড়া প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ণাঙ্গ দায়িত্ব দেওয়ার সম্ভাবনা রয়েছে।
মন্ত্রিসভায় নতুন যুক্ত হওয়া অন্য দুই সদস্য হলেন সাচিং প্রু জেরী ও মোহাম্মদ শামীম কায়সার লিংকন। তারা দুজনেই বিএনপির নির্বাহী কমিটির সদস্য এবং বর্তমান জাতীয় সংসদের সদস্য। সাচিং প্রু জেরী পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে যাচ্ছেন এবং শামীম কায়সার লিংকন ধর্ম মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেবেন বলে জানা গেছে।
দায়িত্ব পুনর্বিন্যাসের অংশ হিসেবে বর্তমান তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা হিসেবে নিয়োগ পেতে পারেন। এছাড়া বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের বর্তমান প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত পূর্ণ মন্ত্রী হিসেবে পদোন্নতি পাচ্ছেন। একই সঙ্গে বর্তমান মন্ত্রী আফরোজা খানমকে (রিতা) অন্য একটি মন্ত্রণালয়ে স্থানান্তর করা হতে পারে। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সম্ভাব্য নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের আজ সন্ধ্যায় বঙ্গভবনে উপস্থিত থাকার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। নতুন রাষ্ট্রপতি শপথ নেওয়ার পর নতুন মন্ত্রীদের শপথবাক্য পাঠ করাবেন।