শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
শিরোনাম :

সৌদিতে নিরাপত্তাঝুঁকি: ঢাকা থেকে দাম্মাম-রিয়াদ রুটের ফ্লাইট স্থগিত

প্রতিবেদকের নাম

সৌদি আরবের দাম্মাম শহরের বাদশা ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনায় সৃষ্ট নিরাপত্তা পরিস্থিতির কারণে ঢাকা থেকে দাম্মাম ও রিয়াদ রুটের ফ্লাইট চলাচল স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে দাম্মাম রুটে আগামী ২৩, ২৪ ও ২৫ অক্টোবর এবং রিয়াদ রুটে ৩১ অক্টোবর পর্যন্ত সব ফ্লাইট স্থগিত থাকবে। বুধবার এই রুটে ফ্লাইট পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হলেও বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে সেই সিদ্ধান্ত পরিবর্তন করা হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিমান জানায়, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে দাম্মামগামী ২৩, ২৪ ও ২৫ অক্টোবরের সব ফ্লাইট স্থগিত রাখা হয়েছে।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তথ্যানুযায়ী, বুধবার ঢাকা থেকে একটি ফ্লাইট দাম্মামের উদ্দেশ্যে যাত্রা করেছিল এবং সেই ফিরতি ফ্লাইটটি বুধবার বাংলাদেশ সময় রাত ১০টা ১০ মিনিটে ঢাকা বিমানবন্দরে পৌঁছানোর নির্ধারিত সময় ছিল। হামলার ঘটনা ও উদ্ভূত পরিস্থিতি পর্যালোচনার পর আগামী ২৫ অক্টোবর থেকে চালুর পরিকল্পনা থাকা রিয়াদ রুটের ফ্লাইটও ৩১ অক্টোবর পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্থগিত হওয়া এসব ফ্লাইটের পরবর্তী সময়সূচি ও যাত্রাসংক্রান্ত হালনাগাদ তথ্য যথাসময়ে জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

ফ্লাইট বাতিলের পাশাপাশি যাত্রীদের টিকিট ও ভ্রমণসংক্রান্ত প্রয়োজনীয় তথ্যের জন্য নিকটস্থ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সেলস সেন্টারে যোগাযোগ করতে বলা হয়েছে। তবে ঢাকা থেকে সৌদি আরবের জেদ্দা ও মদিনাগামী সব ফ্লাইট পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী স্বাভাবিকভাবে চলাচল করবে। এছাড়া জরুরি প্রয়োজনে দাম্মাম ও রিয়াদের যাত্রীরা আসন খালি থাকা সাপেক্ষে জেদ্দা ও মদিনা বিমানবন্দর ব্যবহার করে সৌদি আরবে যাতায়াত করতে পারবেন বলে জানানো হয়েছে।

প্রসঙ্গত, বুধবার রাতে দাম্মাম বিমানবন্দরে ভয়াবহ হামলার ঘটনায় দুইজন বাংলাদেশি আহত হয়েছেন। আহতরা হলেন কুমিল্লার বাঙ্গরাবাজার থানাধীন রামচন্দ্রপুর গ্রামের সজল চন্দ্র দাস এবং নোয়াখালী সদর উপজেলার গোবিগল্লপপুর গ্রামের মোহাম্মদ আব্দুর রহিম। বিমানের পক্ষ থেকে জানানো হয়েছে, সার্বিক পরিস্থিতির উন্নয়ন হলে দ্রুত সংশোধিত যাত্রাসূচি প্রকাশ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ