মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে শুক্রবার ভোর সাড়ে ৩টার দিকে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে গেছে। চুয়াডাঙ্গা থেকে ঢাকাগামী ‘দর্শনা পরিবহন’-এর বাসটি হাসাড়া এলাকায় পৌঁছালে একটি কাভার্ড ভ্যানকে ওভারটেক করার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে বাসটি সড়কের রেলিং ভেঙে সার্ভিস লেন পেরিয়ে পাশের পানিভর্তি খাদে আছড়ে পড়ে। শুক্রবার (২৩ অক্টোবর) রাত সাড়ে ৩টার দিকে এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে হাসাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই তিনজন প্রাণ হারিয়েছেন। এদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে, তিনি চুয়াডাঙ্গার রুকুনুজ্জামান রঞ্জু (৫৫)। বাকি দুইজনের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি। নিহতদের মরদেহগুলো উদ্ধার শেষে হাইওয়ে পুলিশের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। অন্য ২ জনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, খবর পাওয়ার পর শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। দুর্ঘটনায় আহত ১৬ জনকে উদ্ধার করা হয়, যাদের মধ্যে ১১ জনকে উন্নত চিকিৎসার জন্য শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। অবশিষ্ট ৫ জনকে ঘটনাস্থলেই প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে।
আহতদের মধ্যে রয়েছেন হৃদয় (৩০), শাহিন আক্তার (৩২), নূর ইসলাম (৫৫), ইমরান (২৭), গিলবাড সরকার (৫৫), তরিকুল ইসলাম (৩৬), সাইফুল ইসলাম (৪০), মিরাজুল ইসলাম (২৮), রফিকুল ইসলাম (৩৫), অনিফিন (১৭), সন্দীপন বসু (৪০), ইকরাম (৪০), রায়হান (২১), হাসিব (২২), তিশা (২৪) ও বোরহান উদ্দিন (৫৫)। তারা মূলত চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহ, ঢাকা ও মাগুরার বিভিন্ন এলাকার বাসিন্দা।