রাষ্ট্রপতি পদে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রার্থী হিসেবে চূড়ান্ত করেছে বিএনপি। আজ দুপুরে সচিবালয়ে দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে এক বৈঠকে এই সিদ্ধান্ত নেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠক শেষে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আনুষ্ঠানিকভাবে মির্জা ফখরুলের প্রার্থিতার বিষয়টি নিশ্চিত করেন। একই সঙ্গে মির্জা ফখরুল বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ করেছেন। আজ বিকেলের মধ্যেই তার পক্ষে নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দেওয়া হবে।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২০১১ সালে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং ২০১৬ সালের জাতীয় কাউন্সিলে পূর্ণাঙ্গ মহাসচিব নিযুক্ত হন। দলের দুই শীর্ষ নেতা খালেদা জিয়ার কারাবন্দিত্ব এবং তারেক রহমানের নির্বাসিত জীবনের দীর্ঘ সময়ে তিনি দলের হাল ধরেছিলেন। বিগত সরকারের শাসনামলে ছয়বার কারাবরণসহ নানা প্রতিকূলতার মুখেও তিনি দলের নেতৃত্ব দিয়েছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে নির্বাচিত হওয়ার পর তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের মন্ত্রিসভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রীর দায়িত্ব পালন করছিলেন।
উল্লেখ্য, গত ২৪ জুলাই ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের মনোনয়নে নির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেন। বর্তমানে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন। সংবিধান অনুযায়ী, পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করতে হবে। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, আজ বিকেল চারটা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়ার সুযোগ রয়েছে। এরপর যাচাই-বাছাই শেষে ১৮ আগস্ট প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন নির্ধারণ করা হয়েছে। কোনো প্রার্থী প্রত্যাহার না করলে ২০ আগস্ট ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
এদিকে, জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যের পক্ষ থেকে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদকে রাষ্ট্রপতি পদে প্রার্থী করা হয়েছে। আজ বেলা ১১টার দিকে তার মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। শেষ পর্যন্ত ভোট হলে তা হবে প্রায় ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচনের ঘটনা। এর আগে ১৯৯১ সালে সর্বশেষ রাষ্ট্রপতি পদে ভোট হয়েছিল। মাঝখানের সময়গুলোতে ক্ষমতাসীন দলের প্রার্থীরা বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
সংবিধান অনুযায়ী সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হন। বর্তমানে জাতীয় সংসদে বিএনপির দুই-তৃতীয়াংশের বেশি সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। অন্যদিকে জামায়াতসহ বিরোধী দলের সদস্যসংখ্যা সংরক্ষিত নারী আসনসহ ৯০ জন। ফলে ভোটের সমীকরণে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জয় অনেকটাই নিশ্চিত। সব ঠিক থাকলে তিনি দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন।