জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে যুক্তরাষ্ট্রে আসা ইরানের প্রতিনিধি দলের দুই সদস্যকে বহিষ্কার করেছে মার্কিন প্রশাসন। দেশটির পররাষ্ট্র দপ্তরের কঠোর নির্দেশনা থাকা সত্ত্বেও সময়সীমা পেরিয়ে যাওয়ার পর নিউইয়র্কে অবস্থান করায় তাদের এই ব্যবস্থা নেয়া হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে একজন মার্কিন কর্মকর্তা জানান, এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছেন। মূলত ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চলমান কূটনৈতিক অচলাবস্থা এবং যুদ্ধ পরিস্থিতি নতুন করে অবনতির আশঙ্কা থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে। অ্যাক্সিওসের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
জাতিসংঘের অধিবেশন শেষ হওয়ার বেশ কয়েকদিন অতিক্রান্ত হওয়ার পরও ইরানি প্রতিনিধি দলের ওই দুই সদস্য নিউইয়র্ক ত্যাগ করেননি। মার্কিন পররাষ্ট্র দপ্তর গত সোমবারই জাতিসংঘে থাকা ইরান মিশনকে অবিলম্বে প্রতিনিধি দলসহ দেশটি ছেড়ে যাওয়ার নির্দেশ দিয়েছিল। পরবর্তীতে শুক্রবার বিষয়টি আবারও মনে করিয়ে দিয়ে ওয়াশিংটন জানায়, নির্দেশ অমান্য করে ওই দুই কূটনীতিক নিউইয়র্কে রয়ে গেছেন যা মার্কিন কর্তৃপক্ষের নজরে এসেছে। এরপর তাদের দ্রুত দেশত্যাগের আলটিমেটাম দেয়া হয়। মার্কিন ওই কর্মকর্তার তথ্য অনুযায়ী, শেষ পর্যন্ত চাপের মুখে শুক্রবার রাতে একজন এবং শনিবার সকালে অপর কূটনীতিক যুক্তরাষ্ট্র ত্যাগ করতে বাধ্য হন।