রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত বাংলাদেশ শিল্পকলা একাডেমি-সংলগ্ন ফুটপাতটি সম্প্রতি নতুন রূপে সাজিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। পথচারীদের হাঁটার সুবিধার্থে ফুটপাত সংস্কারের পাশাপাশি সীমানাপ্রাচীরের দেয়ালে ফুটিয়ে তোলা হয়েছে শিল্প, সাহিত্য ও সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রের বরেণ্য ব্যক্তিদের প্রতিকৃতি। তবে এই নান্দনিক উদ্যোগের ঠিক পাশেই সড়কের বড় একটি অংশ দখল করে রাখা সারি সারি গাড়ি প্রতিকৃতিগুলোর সৌন্দর্যকে ম্লান করে দিচ্ছে।
বুধবার সরেজমিনে দেখা যায়, ফুটপাতঘেঁষা ওই সড়কে প্রায় ২০টি গাড়ি এলোপাতাড়িভাবে পার্ক করে রাখা হয়েছে। এসবের মধ্যে সরকারি স্টিকারযুক্ত গাড়ির পাশাপাশি অনেক ব্যক্তিগত প্রাইভেট কার, রিকশা ও ভ্যানগাড়িও রয়েছে। চালকদের অনেকে ফুটপাতের হকারদের কাছ থেকে কেনাকাটা করছেন, কেউবা ফুটপাতের বেঞ্চে বসে মোবাইলে গেম খেলছেন বা বিশ্রাম নিচ্ছেন। গাড়িগুলো এমনভাবে সারিবদ্ধ করে রাখা হয়েছে যে, দেয়ালের চিত্রকর্মগুলো পথচারীদের চোখের আড়ালে চলে যাচ্ছে।
দেয়ালের এই প্রতিকৃতি তালিকায় মঙ্গলবার নতুন করে যুক্ত হয়েছে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন, পল্লিকবি জসীমউদ্দীন এবং কবি জীবনানন্দ দাশের ছবি। এর আগে সেখানে শিল্পাচার্য জয়নুল আবেদিন, সত্যজিৎ রায়, রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামসহ মোট ১০ জন বিশিষ্ট ব্যক্তির প্রতিকৃতি আঁকা হয়েছিল। তবে নতুন তালিকা থেকে সাংবাদিক ও সংগীতশিল্পী সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতিটি বাদ পড়ে গেছে।
ফুটপাত সংস্কার ও সৌন্দর্যবর্ধন প্রকল্পের দায়িত্বে থাকা ডিএসসিসির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের প্রধান এয়ার কমডোর মাহবুবুর রহমান তালুকদার বুধবার দুপুরে জানান, বিষয়টি নিয়ে তারা দ্রুত পদক্ষেপ নিচ্ছেন। তিনি বলেন, ‘আমরা আজই ব্যবস্থা নিচ্ছি। এভাবে যত্রতত্র গাড়ি পার্ক করতে দেওয়া হবে না। যদিও ট্রাফিক ব্যবস্থাপনাই মূল বিষয়, তবুও আমরা তাদের সঙ্গে সমন্বয় করব যাতে দেয়ালের সামনে অবৈধ পার্কিং পুরোপুরি বন্ধ করা যায়।’