জার্মানিতে বসবাসকারী জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠিকে আটক করার পর সতর্ক করে ছেড়ে দিয়েছে দিল্লি পুলিশ। রোববার (১১ অক্টোবর) ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকারের কড়া সমালোচক ধ্রুব রাঠি মূলত ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ায় কথিত অনিয়ম এবং প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে আয়োজিত ‘ককরোচ জনতা পার্টি’র (সিজেপি) এক বিক্ষোভে যোগ দিতে দিল্লি এসেছিলেন। রোববার (১১ অক্টোবর) কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম। ধ্রুব রাঠিকে ছেড়ে দেওয়ার কিছুক্ষণ আগে পুলিশ জানায়, ওই তিন নেতাকে সতর্কতামূলকভাবে গ্রেপ্তার করা হয়েছে।
বিক্ষোভে অংশ নেওয়ার পূর্বেই পুলিশ তাকে গুরুগ্রামের সেক্টর ৫৬ এলাকার বাসা থেকে আটক করেছিল। পুলিশের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে, এরপর যদি তিনি দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভে অংশ নিতে যান, তবে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। এদিকে, ধ্রুব রাঠির সাথে সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপক এবং দলের সহ-আহ্বায়ক সৌরভ দাস ও আশুতোষ রানকাকেও আটক করেছিল পুলিশ।
ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা (বিএনএসএস) ২০২৩-এর ১২৬ ও ১৭০ ধারায় তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। এর মধ্যে ১২৬ ধারা অনুযায়ী শান্তি বজায় রাখার জন্য মুচলেকা নেওয়ার বিধান রয়েছে এবং ১৭০ ধারায় আমলযোগ্য অপরাধ সংঘটন ঠেকাতে প্রতিরোধমূলক গ্রেপ্তারের বিধান রয়েছে। পুলিশ জানিয়েছে, আটককৃত নেতাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করা হবে। ধ্রুব রাঠিকে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হলেও, দিল্লির যন্তর মন্তরে রাজনৈতিক অস্থিরতা এড়াতে পুলিশ ব্যাপক সতর্ক অবস্থানে রয়েছে।